জোহানেসবার্গ টেস্ট
লিটন-মুশফিক জুটির দ্রুততম ২ হাজার

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম ২ হাজার রানের জুটির রেকর্ড গড়েছেন লিটন কুমার দাস ও মুশফিকুর রহিম। জোহানেসবার্গ টেস্টের শেষ দিন আজ বৃহস্পতিবার সকালে কাগিসো রাবাদাকে নান্দনিক কাভার ড্রাইভে লিটন দাস সীমানাছাড়া করতেই তাদের এই জুটি মাইফলক স্পর্শ করে। দুই হাজার রান করতে এই জুটির লেগেছে মাত্র ৩৪ ইনিংস, যা আগের দুই রেকর্ডধারী জুটির চেয়ে অনেক কম।
জোহানেসবার্গ টেস্ট শুরুর আগে ২ হাজার রানের মাইলফলক থেকে ২০ রান দূরে ছিল মুশফিক-লিটন জুটি। চতুর্থ দিনের শেষ বিকেলে ১৩ রান যোগ করার পর আজ দ্বিতীয় ওভারেই কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান দুজন। এর আগে দিনের শুরুতে সাইমন হার্মারের বলে রাবাদার ওভারথ্রো থেকে ৪ রান উপহার পেয়েছিল বাংলাদেশ। তবে মাইলফলক ছোঁয়ার পর জুটিটি বেশিদূর এগোয়নি; শেষ দিন সকালেই রাবাদার বলে বোল্ড হয়ে ফেরেন লিটন। জুটি থামে ৪৭ রানে। ২০১৭ সালে গলে শুরু হওয়া এই জুটির সংগ্রহ এখন ৫৯.৬১ গড়ে ২ হাজার ২৭ রান।
বাংলাদেশের হয়ে টেস্টে ২ হাজার রানের জুটি গড়ার আগের দুটি কীর্তি ছিল সাকিব আল হাসান-মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল-ইমরুল কায়েসের। এর মধ্যে সাকিব ও মুশফিক ৭০ ইনিংসে ২ হাজার ৮৬৩ রান করেছেন, তবে ২ হাজার রানের মাইলফলক ছুঁতে তাঁদের লেগেছিল ৪৬ ইনিংস (২০১৭ সালে ওয়েলিংটনে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩৫৯ রানের রেকর্ড জুটি গড়ার পথে)। অন্যদিকে তামিম ও ইমরুল ৫৮ ইনিংসে ২ হাজার ৪৩৩ রান করলেও ২ হাজার রানে পৌঁছাতে তাঁদের লেগেছিল ৪০ ইনিংস (গড় ৪৩.৪৪; খুলনায় ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে ৩১২ রানের ওপেনিং জুটি সর্বোচ্চ)।
পরিসংখ্যান বলছে, ২ হাজারের ক্লাবে ঢোকার পথে ৮টি শতরানের জুটি গড়েছেন লিটন ও মুশফিক—যা টেস্টে বাংলাদেশের যেকোনো জুটির ক্ষেত্রে সর্বোচ্চ। এই তালিকায় ৬টি শতরানের জুটি নিয়ে দুইয়ে আছেন মুশফিক ও মুমিনুল হক (মোট সংগ্রহ ১ হাজার ৯৭০ রান)। এ ছাড়া প্রায় ৯ বছর ও ৩৪ ইনিংসের পথচলায় এখনো শূন্য রানে ভাঙেনি লিটন-মুশফিক জুটি; ম্যাচের দুই ইনিংস মিলিয়ে ৩০০ রানের বেশি করার চারটি কীর্তির একটিও তাদের।




