রাইজিং স্টার এশিয়া কাপ
দিপুর সেঞ্চুরিতে লড়াইয়ের পুঁজি পেল বাংলাদেশ

সংগৃহীত ছবি
আগের সেমিতে রানবন্যা দেখেছি দর্শক। রাইজিং স্টার এশিয়া কাপের দ্বিতীয় সেমিতে পাকিস্তানের বিপক্ষে ২৫০ রানই ছুঁতে পারল না বাংলাদেশ। শাহাদাত হোসেন দিপুর দুর্দান্ত এক সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৩২ রানের লড়াই করার পুঁজি পেল তারা।
দোহাতে টসে জিতে ব্যাটিং নেমে ইনিংসের শুরুটা একেবারেই ভালো হয়নি বাংলাদেশের। ১৫ রানেই দুই উইকেট হারায় তারা। এরপর তৃতীয় উইকেটে ৯৫ রান যোগ করেন দিপু ও অংকন। ৭৮ বলে ৪২ রানে অংকন ফিরলে ভাঙে এই জুটি।
এরপর মেহেরব ছাড়া দিপুকে আর কেউই তেমন সঙ্গ দিতে পারেননি। এক প্রান্ত আগলে রেখে দিপু তুলে নেন হাফ সেঞ্চুরি।
ইনিংসজুড়ে সেই দিপু একাই লড়ে গেছেন। শেষের দিকে রিপন মন্ডলের ক্যামিওতে ২০০ পেরোয় দলীয় ইনিংস। দিপু-রিপন জুটি তুলেছেন ২৫ বলে ৪০ রান।
ইনিংসের শেষ ওভারে গিয়ে সেঞ্চুরি পান দিপু। ১১৮ বলে ১০৩ রানে অপরাজিত থাকেন তিনি। শেষ ওভারে ছক্কা মেরে ছুঁয়েছেন তিন অঙ্ক। এই ইনিংসে মেরেছেন ৭ চার ও ৩ ছক্কা। রিপন ক্রিজে ছিলেন ১২ বলে ১৯ রান করে।
২৯ রানে ৩ উইকেট নিয়ে পাকিস্তানের সেরা বোলার মকিম।



