দুর্দশা চলছেই ইউনাইটেডের

ইংলিশ প্রিমিয়ার লিগে ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। গতকাল নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডেই বোর্নমাউথের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হলো মাইকেল ক্যারিকের দল। অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস আগের ম্যাচেই দ্বন্দ্বে জড়ান ক্যারিকের সঙ্গে। ফের্নান্দেসকে ছাড়া খেলা ইউনাইটেড ৬২ শতাংশ বল দখলে রেখে খেললেও পায়নি গোলের দেখা। টানা ছয় ম্যাচ জয়হীন ইউনাইটেড পয়েন্ট টেবিলে নেমে গেছে ১৬ নম্বরে!
প্রিমিয়ার লিগের অন্য ম্যাচে উড়তে থাকা ব্রাইটনকে ২-০ গোলে হারিয়ে মাটিতে নামাল লিভারপুল। ১৭ মিনিটে গ্রসের আত্মঘাতী গোলে এগিয়ে যাওয়ার পর ২১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্দার ইসাক। ৮ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে লিভারপুল এখন ৪ নম্বরে।
এদিকে লা লিগায় দেপোর্তিভোকে ১-০ গোলে হারিয়েছে আতলেতিকো মাদ্রিদ। ৪৮ মিনিটে দেওয়া হুলিয়ান আলভারেসের একমাত্র গোলেই জিতেছে আতলেতিকো। বিশ্বকাপের সময় বার্সেলোনায় যেতে চাওয়ার কথা বলে সমর্থকদের রোষানলে পড়েছিলেন এই আর্জেন্টাইন। এজন্য এবার ক্ষমা চাইলেন তিনি, ‘সমর্থকদের কাছে ক্ষমা চাইছি। যেভাবে এবং যে সময়ে কথাগুলো আমি বলেছিলাম, তা আমার দিক থেকে ভুল ছিল। আমি তাদের ক্ষোভ বুঝতে পারছি। একজন সমর্থক হিসেবে আমিও রাগ করতাম, বিশেষ করে তারা যেভাবে সবসময় আমাকে সমর্থন করেছে সেটা বিবেচনা করলে। এমনকি গত কয়েক সপ্তাহ ধরেও তারা অবিশ্বাস্য রকমের উদারতা দেখিয়েছে।’



