শেষ হচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টস

গত ২ মে সিলেটে যে যাত্রার শুরু হয়েছিল, তার সমাপ্তি ঘটতে যাচ্ছে আজ। পর্দা নামতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্বের। দেশের ১০টি অঞ্চলের প্রায় ১ হাজার ৭০০ ক্রীড়াবিদ, কর্মকর্তার অংশগ্রহণে গত ২০ জুলাই মাঠে গড়িয়েছিল জাতীয় পর্বের খেলা। আর্মি স্টেডিয়ামে সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ফুটবল ইভেন্টের বালক ও বালিকা বিভাগের দুটি ফাইনাল এবং দুটি ১০০ মিটার স্প্রিন্টের ফাইনাল। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে গতকাল রবিবার অ্যাথলেটিকস, দাবা ও মার্শাল আর্টের বেশ কিছু খেলা ঢাকার বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হয়। ঢাকা জাতীয় স্টেডিয়ামে বালক ও বালিকা বিভাগের ২০০ মিটার স্প্রিন্ট হয়। বালক বিভাগে সেরা হয় রাজশাহীর মোহাম্মদ আমান। সে হারায় চট্টগ্রামের জাওয়াদ কাদের ও বরিশালের মাহাথি মোহাম্মদকে। বালিকা বিভাগে সেরা ঢাকার মারিয়া। এ ছাড়া ১০০ মিটার স্প্রিন্টের হিট অনুষ্ঠিত হয়েছে। যেখান থেকে সেরা আটজন করে বালক ও বালিকা শ্রেষ্ঠত্বের লড়াইয়ে নামবে আর্মি স্টেডিয়ামে। লং জাম্পে ছেলেদের বিভাগে সেরা ফরিদপুরের আহাতাব নূর ও মেয়েদের বিভাগে প্রথম হয়েছে ফরিদপুরের ইমা খানম।
দাবার বালক বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকার আওসাফ চৌধুরী। বালিকা বিভাগে সেরা ঢাকার ওয়ারশিয়া খুশবু।
গত ২ মে সিলেট জেলা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রথম আসরের আঞ্চলিক পর্বের উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী। দেশের সব উপজেলা ও জেলার প্রায় ১ লাখ ৭০ হাজার খুদে ক্রীড়াবিদ (বয়সসীমা ১২ থেকে ১৪ বছর) আটটি ডিসিপ্লিনে অংশ নিয়েছে।




