জাতি ৫ ‘পিওর ডানপন্থী তরুণ এমপি’ পেয়েছে: তাজনূভা জাবীন

সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর অনুভূতি প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন এনসিপির সাবেক নেত্রী তাজনূভা জাবীন। নির্বাচনের ফলাফল, জোট রাজনীতির সমীকরণ এবং নির্দিষ্ট কয়েকটি আসন নিয়ে তার মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ফেইসবুকে দেওয়া পোস্টে তাজনূভা জাবীন বলেন, হিসাব-নিকাশের বাইরে কেবল পঞ্চগড়ের সারজিস ও দিনাজপুরের আহাদ বাদ পড়েছেন, বাকি ছয়জন প্রার্থীর দেখভাল করেছে জামায়াত। তিনি আরও উল্লেখ করেন, ওই জোটের অন্য প্রার্থীদের হিসাব কখনও এনসিপির ভেতরে বা জামায়াতের খাতায় দেখা যায়নি।
তাজনূভা জাবীন লেখেন, খুবই মূল্যবান এই ৬টা আসন। অসংখ্য মানুষের সাথে সততা দেখাতে হল, অজস্র মানুষের সাথে বেঈমানী করতে হল, অজস্র মানুষকে মিথ্যা আশ্বাস দিতে হল, তাদের স্বপ্নকে ভাঙতে হল, তাদের রাজনৈতিক আকাঙ্ক্ষাকে সিঁড়ি হিসেবে ব্যবহার করতে হল সংসদ পর্যন্ত যেতে।
গণঅভ্যুত্থানের পর জাতি পাঁচজন ‘পিওর ডানপন্থী তরুণ এমপি’ পেয়েছে উল্লেখ করে তিনি দাবি করেন, শুরু থেকেই এটি এনসিপির পরিকল্পনা ছিল। রামপুরার আহ্বায়ক পরিকল্পনা বুঝে নিজ স্বার্থে যুক্ত হয়েছেন। যারা বাদ পড়েছেন, তাদের সংরক্ষিত ও উচ্চকক্ষে নেওয়ার ইঙ্গিতও তিনি দেন।
পোস্টের শেষাংশে এবি পার্টির দুই জনপ্রিয় নেতাকে উদ্দেশ করে তিনি লেখেন, আপনারা পুরো সময় এদের শেখাতে চেয়েছেন রাজনীতি, এখন এদের থেকে শেখেন। নিজের স্বার্থ কায়েম করতে বেঈমানীটা এমন সুক্ষভাবে করতে হয় যেন সেটাকে বেঈমানী না রাজনৈতিক কৌশল মনে হয়, মহানুভব মনে হয়।















