এনসিপি জোটে যাওয়ায় তরুণ প্রজন্ম বিশ্বাস হারিয়েছে: মীর স্নিগ্ধ

সংগৃহীত ছবি
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি নিজেদের স্বতন্ত্র বৈশিষ্ট্য ধরে রাখতে পারতো, তবে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে দলটি এক অনন্য উচ্চতায় পৌঁছাতে পারত বলে মন্তব্য করেছেন জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিইও এবং শহীদ মীর মুগ্ধর জমজ ভাই মীর স্নিগ্ধ। পরে তিনি গত নভেম্বরে বিএনপিতে যোগ দেন।
আজ মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই পর্যবেক্ষণ তুলে ধরেন।
স্নিগ্ধ বলেন, তরুণ প্রজন্মের একটি বড় অংশ এনসিপির প্রতি আগ্রহী হলেও সম্প্রতি দলটির জোটে যাওয়ার সিদ্ধান্তে সেই আগ্রহ এখন গভীর দ্বিধায় পরিণত হয়েছে। ক্ষমতার শর্টকাট পথ নিতে গিয়ে রাজনৈতিক বিশ্বাস হারিয়ে ফেললে দীর্ঘমেয়াদে টিকে থাকা কঠিন হয়ে পড়ে বলে তিনি মনে করেন।
মীর স্নিগ্ধ তার পোস্টে উল্লেখ করেন, গত কয়েকদিন ধরে সমসাময়িক বন্ধু ও ছোট-বড় ভাইদের সঙ্গে আগামী নির্বাচন নিয়ে আলাপকালে তিনি এক কৌতূহলোদ্দীপক পরিবর্তনের বিষয়টি লক্ষ্য করেছেন। তার মতে, ‘জেনারেশন জেড’ বা বর্তমান তরুণ প্রজন্মের একটি বড় অংশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে এনসিপিকে ভোট দেওয়ার কথা ভাবছিল।
এর প্রধান কারণ ছিল পুরোনো ধারার রাজনীতির বাইরে গিয়ে নতুন কিছু করার আশা এবং দলটির নিজস্ব স্বতন্ত্রতা। কিন্তু জোটবদ্ধ হওয়ার পর সাধারণ ভোটারদের মধ্যে সেই উৎসাহে ভাটা পড়েছে। বর্তমান পরিস্থিতিতে কাউকে ভোটের ব্যাপারে জিজ্ঞেস করলে প্রায় একই উত্তর মিলছে যে, ‘ভাবছিলাম এনসিপিকে দেব, কিন্তু এখন চিন্তা করতেছি।’

