ভিডিও উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানো হয়েছে, বলছেন মাসুদ অরুণ

পানিসম্পদ মন্ত্রীর সঙ্গে মাসুদ অরুণ
সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়েছে, ভিডিওতে দেখা যাচ্ছে পানি সম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি মেহেরপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কবি মাসুদ অরুণকে ধাক্কা দিয়ে দিয়ে সরিয়ে দিচ্ছেন। ভিডিও নিয়ে আরেকটু বিস্তারিত বললে, এ্যানি ও দলীয় কর্মীরা হেঁটে যাচ্ছেন, পাশে ছিলেন অরুণ। তিনি অরুণকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছেন।
মূলত পানিসম্পদ মন্ত্রী মেহেরপুর গিয়েছিলেন খাল খনন কর্মসূচিতে অংশ নিতে। ছড়িয়ে পড়া ভিডিওটি সেই কর্মসূচি পরবর্তী কোনো সময়ে ধারণ করা।
ভিডিও থেকে
এই ভিডিও নিয়ে সামাজিক মাধ্যম তোলপাড়। অনেকেই এ্যানির সমালোচনা করছেন। দাম্ভিক বলছেন। দেশের শিল্প সাহিত্যের মানুষজন মাসুদ অরুণের পক্ষ নিয়ে রীতিমতো পানি সম্পদ মন্ত্রীর সমালোচনা করছেন। এদিকে, মাসুদ অরুণ নিজের ফেসবুক হ্যান্ডেলে একটি কবিতা পোস্ট করার পর বিষয়টি নিয়ে আরও জল ঘোলা হয়েছে। অরুণ লিখেছেন,
ঝড় থামেনি বুকের ভিতর
ঋণ পরিশোধ হয়নি বুঝি আজও
খড়িমাটির ঘর পুড়ছে আমার
লবণ জলে ভাঁসছে তোমার চোখ।
এই কবিতার লাইনকে সেই ঘটনার অভিমানের প্রকাশ হিসেবে দেখছেন ভক্তরা। বলছেন, হয় মাসুদ অরুণ আপনি এসব অভিমানের কবিতা ছাড়ুন, নয় পুরোপুরি নির্লজ্জভাবে রাজনীতিতে জড়িয়ে পড়ুন।
তবে আজ দুপুরে মাসুদ অরুণ এ্যানিকে বন্ধু হিসেবে আখ্যা দিয়ে সেই ভিডিওটিকে উদ্দেশ্যপ্রণোদিত বলছেন। নিজের ফেসবুক হ্যান্ডেলে লিখেছেন, ‘শহীদউদ্দীন চৌধুরী এ্যানি আমার বন্ধু, আমার ভাই। খাল খনন কর্মসূচিতে উনি আমার সঙ্গে করমর্দন করেন, কুশলাদি বিনিময় করেন। অতিরিক্ত ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কির এক পর্যায়ের একটা ভিডিও করে কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমাদের সম্পর্ক নষ্ট করার জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে যা অত্যন্ত দুঃখজনক।’
এই পোস্টের সঙ্গেই একটি ছবি জুড়ে দিয়েছেন মাসুদ অরুণ, যে ছবিতে দেখা যাচ্ছে এ্যানি ও তিনি আলাপনে মগ্ন। অর্থাৎ এই ছবিই বলে দিচ্ছে ‘ভুল বোঝাবুঝি’র অবসান হয়েছে।





