ছোট ছোট নেক আমল বদলে দিতে পারে জীবন

প্রতীকী ছবি
মানুষ সাধারণত বড় বড় ইবাদত, বিশাল দান-সদকা কিংবা অসাধারণ কোনো নেক কাজকে বেশি গুরুত্ব দেয়। অথচ ইসলামের শিক্ষা হলো, আন্তরিকতার সঙ্গে নিয়মিত করা ছোট ছোট নেক আমলও একজন মানুষের জীবন বদলে দিতে পারে। আল্লাহর কাছে কোনো আমল ছোট নয়, যদি তা একনিষ্ঠ নিয়ত ও ইখলাসের সঙ্গে সম্পাদিত হয়।
রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেটি, যা নিয়মিত করা হয়, যদিও তা পরিমাণে অল্প হয়।’ (বুখারি, হাদিস: ৬৪৬৪)
এই হাদিস আমাদের ধারাবাহিক আমলের শিক্ষা দেয়। একদিন অনেক ইবাদত করে পরে দীর্ঘদিন তা ছেড়ে দেওয়ার চেয়ে প্রতিদিন অল্প হলেও নিয়মিত নেক আমল করা অধিক মূল্যবান।
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ‘যে ব্যক্তি অণু পরিমাণ সৎকাজ করবে, সে তা দেখতে পাবে।’ (সুরা যিলযাল, আয়াত : ৭)
এই আয়াত স্পষ্ট করে যে, মানুষের দৃষ্টিতে কোনো সৎকাজ ছোট মনে হলেও আল্লাহর কাছে তা সংরক্ষিত থাকে। একটি হাসিমুখ, একটি আন্তরিক সালাম, একজন ক্ষুধার্তকে একবেলা খাবার দেওয়া, পথ থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দেওয়া কিংবা কারও জন্য দোয়া করা; সবই আল্লাহর কাছে মূল্যবান নেক আমল।
রাসুলুল্লাহ (সা.) আরও বলেছেন, ‘তোমরা কোনো ভালো কাজকে তুচ্ছ মনে করবে না, যদিও তা হয় তোমার ভাইকে হাসিমুখে অভিবাদন জানানো।’ (মুসলিম, হাদিস: ২৬২৬)
এ হাদিস থেকৈ প্রমাণিত হয় যে, নেক আমল শুধু নামাজ, রোজা বা দানের মধ্যেই সীমাবদ্ধ নয়। উত্তম আচরণ, সুন্দর ব্যবহার এবং মানুষের উপকার করাও ইবাদতের অংশ।
একজন মুসলমানের দিনের শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য ছোট ছোট নেক আমলের সুযোগ থাকে। ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করা, ঘর থেকে বের হওয়ার দোয়া পড়া, সালামের প্রচলন করা, সত্য কথা বলা, মিথ্যা ও গিবত থেকে বিরত থাকা, পিতা-মাতার খোঁজ নেওয়া, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা, অপচয় না করা, সময়মতো নামাজ আদায় করা, যথা সাধ্য কোরআন তিলাওয়াত করা কিংবা কারও কষ্ট লাঘবে সামান্য সহযোগিতা করা, এসব আমল দৈনন্দিন জীবনকে বরকতময় করে তোলে।
ছোট নেক আমলের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, এগুলো মানুষের চরিত্র গড়ে তোলে। প্রতিদিন একটি করে ভালো কাজ করার অভ্যাস ধীরে ধীরে ব্যক্তিত্বকে পরিশুদ্ধ করে। একজন মানুষ যখন নিয়মিত সত্য কথা বলে, ওয়াদা রক্ষা করে, মানুষের সঙ্গে নম্র আচরণ করে এবং নিজের দায়িত্ব সততার সঙ্গে পালন করে, তখন তার জীবনে ইতিবাচক পরিবর্তন আসতে শুরু করে। এভাবেই ছোট ছোট আমল বড় চরিত্র নির্মাণ করে।
অনেকে ভাবতে পারেন, ‘এত ছোট কাজ করে কী হবে?’ কিন্তু ইসলাম এই মানসিকতাকে সমর্থন করে না। কারণ আল্লাহ আমলের পরিমাণের পাশাপাশি নিয়ত, আন্তরিকতা এবং ধারাবাহিকতাকে গুরুত্ব দেন। একটি খেজুর দান, একটি ভালো কথা বা একটি আন্তরিক দোয়া কখন আল্লাহর সন্তুষ্টির কারণ হয়ে যাবে, তা মানুষ জানে না।
পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, ‘যারা ঈমান আনে এবং সৎকাজ করে, আমি তাদের কোনো সৎকর্মের প্রতিদান নষ্ট করি না।’ (সুরা আল-কাহফ, আয়াত : ৩০)
এই প্রতিশ্রুতি আমাদের আশাবাদী হতে শিখায়। কারণ কোনো সৎকাজই বৃথা যায় না। হয়তো পৃথিবীতে তার ফল তাৎক্ষণিকভাবে দেখা যায় না, কিন্তু আল্লাহ তা সংরক্ষণ করেন এবং উপযুক্ত সময়ে এর উত্তম প্রতিদান দান করেন।
আধুনি বিশ্বের এই ব্যস্ত জীবনে অনেকেই মনে করেন, নেক আমলের জন্য আলাদা সময় প্রয়োজন। বাস্তবে তা নয়। নিজের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করা, অফিসে সততা বজায় রাখা, রাস্তায় শৃঙ্খলা মেনে চলা, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও কটূক্তি থেকে বিরত থাকা, পরিবেশ পরিচ্ছন্ন রাখা কিংবা কাউকে সুন্দর একটি পরামর্শ দেওয়া, এসবও নেক আমলের অন্তর্ভুক্ত।
তাই আমাদের উচিত শুধূ বড় কোনো সুযোগ আর উপলক্ষের অপেক্ষায় না থেকে প্রতিদিন ছোট ছোট নেক আমলের অভ্যাস গড়ে তোলা। কারণ ধারাবাহিক সৎকর্মই মানুষের হৃদয়কে আলোকিত করে, চরিত্রকে উন্নত করে এবং সমাজে কল্যাণ ছড়িয়ে দেয়। যে জীবন ছোট ছোট নেক আমলে সমৃদ্ধ, সেই জীবনই আল্লাহর কাছে অধিক প্রিয় ও বরকতময়।
একটি আন্তরিক সালাম, একটি হাসিমুখ, একটি সত্য কথা, একটি সদকা বা একটি দোয়াই হয়তো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। তাই কোনো নেক আমলকে কখনো ছোট মনে করা উচিত নয়। কারণ ছোট ছোট নেক আমলই একসময় মানুষের দুনিয়া ও আখিরাতের সফলতার বড় ভিত্তি হয়ে ওঠে।
লেখক: আলেম ও সাংবাদিক
saifpas352@gmail.com




