কোমল আচরণ মানুষের চরিত্রকে সুন্দর করে

প্রতীকী ছবি
মানুষের সুন্দর ব্যক্তিত্ব ও উন্নত চরিত্রের অন্যতম পরিচয় হলো কোমল আচরণ। আপনি অন্য মানুষের সঙ্গে কীভাবে কথা বলছেন’ আপনার সামনে কেউ কোনো ভুল করলে আপানি কীভাবে তার ভুলের প্রতিক্রিয়া দেখাচ্ছেন, এবং কারো সাথেমতবিরোধ দেখা দিলে সে সময় কতটা সংযম ধরে রাখতে পারছেন; এসবের মধ্য দিয়েই আপনার নৈতিকতা ও মানসিকতার প্রকাশ ঘটে। কঠোরতা, রূঢ়তা ও দুর্ব্যবহার মানুষের সাথে দূরত্ব সৃষ্টি করে। অন্যদিকে কোমল ভাষা, নম্র ব্যবহার ও সহনশীলতা মানুষের হৃদয়ে ভালোবাসা ও বিশ্বাসের জন্ম দেয়। ইসলাম মানুষের সঙ্গে কোমল আচরণকে বিশেষ মর্যাদা দিয়েছে এবং এটিকে আল্লাহর ভালোবাসা ও কল্যাণ লাভের অন্যতম মাধ্যম হিসেবে তুলে ধরেছে।
পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা রাসুলুল্লাহ (সা.)-এর কোমল আচরণের প্রশংসা করে বলেছেন,
فَبِمَا رَحْمَةٍ مِّنَ اللَّهِ لِنتَ لَهُمْ ۖ وَلَوْ كُنتَ فَظًّا غَلِيظَ الْقَلْبِ لَانفَضُّوا مِنْ حَوْلِكَ
‘আল্লাহর বিশেষ রহমতেই আপনি তাদের প্রতি কোমল হৃদয় হয়েছেন। আপনি যদি রূঢ় ও কঠোরচিত্ত হতেন, তবে তারা আপনার চারপাশ থেকে সরে পড়ত।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১৫৯)
এ আয়াত থেকে বোঝা যায়, মানুষের হৃদয় জয় করার জন্য কোমল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসুলুল্লাহ (সা.) ছিলেন মানবজাতির জন্য সর্বোত্তম আদর্শ। তাঁর অসাধারণ কোমলতা, ক্ষমাশীলতা ও সহনশীলতার কারণে মানুষ তাঁর প্রতি আকৃষ্ট হয়েছে। এমনকি যারা তাঁর বিরোধিতা করত, তারাও তাঁর উত্তম চরিত্রের প্রভাব থেকে মুক্ত থাকতে পারেনি।
কোমল আচরণের মর্যাদা সম্পর্কে রাসুলুল্লাহ (সা.)-এর একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে। আয়িশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
إِنَّ الرِّفْقَ لَا يَكُونُ فِي شَيْءٍ إِلَّا زَانَهُ، وَلَا يُنْزَعُ مِنْ شَيْءٍ إِلَّا شَانَهُ
‘নিশ্চয়ই যে বিষয়ে কোমলতা থাকে, তা তাকে সৌন্দর্যমণ্ডিত করে। আর যে বিষয় থেকে কোমলতা তুলে নেওয়া হয়, তাকে ত্রুটিপূর্ণ ও কদর্য করে তোলে।’ (মুসলিম, হাদিস: ২৫৯৩)
এ হাদিসে কোমলতার সর্বজনীন সৌন্দর্য তুলে ধরা হয়েছে। পারিবারিক জীবন, সামাজিক সম্পর্ক, কর্মক্ষেত্র কিংবা নেতৃত্বের দায়িত্ব, সব ক্ষেত্রেই কোমল আচরণ মানুষের ব্যক্তিত্বকে মহিমান্বিত করে। বিপরীতে অযথা কঠোরতা ও রূঢ়তা সুন্দর সম্পর্ককেও নষ্ট করে দেয়।
বিশেষ করে পরিবারে স্বামী-স্ত্রী, সন্তান-সন্ততি, প্রতিবেশী ও অধীনস্থদের সঙ্গে কোমল আচরণ করা অত্যন্ত জরুরি। সন্তান ভুল করলে তাকে অপমান না করে ভালোবাসার সঙ্গে সংশোধন করা, কর্মচারীর ভুলে অযথা তিরস্কার না করা এবং মতবিরোধের সময় শালীনতা বজায় রাখা ইসলামের অন্যতম শিক্ষা। তবে কোমলতা মানে অন্যায়ের কাছে আত্মসমর্পণ কিংবা অপরাধকে প্রশ্রয় দেওয়া নয়। বরং ন্যায় ও সত্যের প্রশ্নে অবিচল থেকেও সুন্দর ভাষা ও সংযত আচরণ বজায় রাখাই প্রকৃত কোমলতা।
বর্তমান সমাজে মানুষের মধ্যে অসহিষ্ণুতা, ক্রোধ ও রূঢ় আচরণের প্রবণতা বাড়ছে। সামান্য মতপার্থক্যেও অনেকে অপমানজনক ভাষা ব্যবহার করেন। অথচ একজন মুমিনের পরিচয় হওয়া উচিত তার সুন্দর ব্যবহার ও কোমল আচরণে। কেননা মানুষের প্রতি দয়া, সহমর্মিতা ও নম্রতা প্রদর্শনের মাধ্যমে সমাজে ভালোবাসা, সম্প্রীতি ও শান্তির পরিবেশ গড়ে তোলা সম্ভব। তাই জীবনের প্রতিটি ক্ষেত্রে কোমলতাকে চরিত্রের অবিচ্ছেদ্য অংশ হিসেবে ধারণ করা প্রত্যেক মুসলমানের কর্তব্য।
লেখক: আলেম ও সাংবাদিক



