কোরআনের বাণী
অহংকার মানুষকে হিদায়াত থেকে বঞ্চিত করে

প্রতীকী ছবি
কোরআনুল কারিমের বার্তা
সুরা : লোকমান, আয়াত : ০৭
পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে
আর যখন তার কাছে আমাদের আয়াতসমূহ তিলাওয়াত করা হয় তখন সে অহংকারে মুখ ফিরিয়ে নেয় যেন সে এটা শুনতে পায়নি, যেন তার কান দুটো বধির; অতএব তাকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দিন।
সুরা লোকমানের আলোচ্য আয়াতটিতে এমন ব্যক্তিদের কথা বলা হয়েছে, যাদের সামনে আল্লাহর আয়াতসমূহ তিলাওয়াত করা হয়। অর্থাৎ সত্য, হিদায়াত ও সঠিক পথ তাদের কাছে স্পষ্টভাবে পৌঁছে যায়। কিন্তু তারা মনোযোগ দিয়ে শোনার বা গ্রহণ করার পরিবর্তে অহংকারে মুখ ফিরিয়ে নেয়। তাদেরএই আচরণ এমন যেন সে কিছুই শোনেনি, বরং তাদের কান যেন বধির।
এই বধিরতার উপমা বাস্তব শারীরিক বধিরতা নয়; বরং এটি হৃদয়ের বধিরতা। অর্থাৎ তারা ইচ্ছাকৃতভাবে সত্যকে এড়িয়ে চলে, নিজের প্রবৃত্তি, অহংকার বা দুনিয়াবি স্বার্থের কারণে হক কথা গ্রহণ করতে চায় না।
এমন লোকদের সমস্যা জ্ঞানের অভাব নয়, বরং মনোভাবের সমস্যা। তারা সত্য জানার সুযোগ পেয়েও তা গ্রহণ করে না। তাই আয়াতের শেষে তাকে ‘যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ’ দেওয়ার কথা বলা হয়েছে। এটি এক ধরনের তীব্র সতর্কবার্তা, যা বুঝিয়ে দেয় যে, এই অবহেলা ও অহংকারের পরিণতি খুবই কঠিন।
সংক্ষেপে বলতে গেলে এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে, সত্য শুনে তা গ্রহণ করার জন্য বিনয়ী হতে হবে। কারণ অহংকার মানুষকে হিদায়াত থেকে বঞ্চিত করে। আর ইচ্ছাকৃতভাবে সত্য এড়িয়ে চলা মারাত্মক গুনাহ। কেননা আল্লাহর বাণীর প্রতি উদাসীনতা আখিরাতে কঠিন শাস্তির কারণ হতে পারে।
রাসুল (সা.) এর যুগেও অহংকারই মূলত কাফের-মুশরিকদেরকে ঈমান থেকে দূরে রেখেছিল। অন্য আয়াতেও আল্লাহ্ তাআলা এ সত্য প্রকাশ করে বলেছেন, দুর্ভোগ প্রত্যেক ঘোর মিথ্যাবাদী পাপীর, যে আল্লাহর আয়াতসমূহের তিলাওয়াত শোনে অথচ ঔদ্ধত্যের সাথে অটল থাকে যেন সে তা শোনেনি। তাকে সংবাদ দিন যন্ত্রণাদায়ক শাস্তির; যখন আমার কোনো আয়াত সে অবগত হয় তখন তা নিয়ে পরিহাস করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক শাস্তি। তাদের পিছনে রয়েছে জাহান্নাম; তাদের কৃতকর্ম তাদের কোনো কাজে আসবে না, তারা আল্লাহ্র পরিবর্তে যাদেরকে অভিভাবক স্থির করেছে ওরাও নয়। তাদের জন্য রয়েছে মহাশাস্তি। (সূরা আল-জাসিয়াহ, আয়াত : ৭–১০)
মহান আল্লাহ আমাদের সকলকে সত্য গ্রহণে সত্য পথে জীবন পরিচালনার সর্বান্তকরণ প্রচেষ্ঠায় মনোযোগি হওয়ার তাওফিক দান করুন।



