অঙ্গীকার ভঙ্গ ঈমানি চরিত্রের পরিপন্থী

প্রতীকী ছবি
মানুষের ব্যক্তিত্ব, নৈতিকতা ও চারিত্রিক সৌন্দর্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকাশ হলো প্রতিশ্রুতি রক্ষা করা। কথা দেওয়া সহজ, কিন্তু সেই কথা যথাযথভাবে পালন করার জন্য প্রয়োজন সততা, দায়িত্ববোধ ও আল্লাহর প্রতি জবাবদিহির অনুভূতি। ব্যক্তি, পরিবার ও সমাজের পারস্পরিক সম্পর্কের ভিত্তি গড়ে ওঠে বিশ্বাস ও আস্থার ওপর। আর প্রতিশ্রুতি ভঙ্গের মাধ্যমে সেই বিশ্বাসই নষ্ট হয়। তাই ইসলাম প্রতিশ্রুতি রক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিয়েছে এবং অঙ্গীকার ভঙ্গ করাকে গুরুতর নৈতিক অপরাধ হিসেবে চিহ্নিত করেছে।
পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন,
وَأَوْفُوا بِالْعَهْدِ ۖ إِنَّ الْعَهْدَ كَانَ مَسْئُولًا
‘তোমরা অঙ্গীকার পূর্ণ করো। নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে।’ (সুরা আল-ইসরা, আয়াত: ৩৪)
এ আয়াতে অঙ্গীকার রক্ষার নির্দেশ দেওয়ার পাশাপাশি এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে বলেও সতর্ক করা হয়েছে। অর্থাৎ প্রতিশ্রুতি শুধু মানুষের সঙ্গে করা কোনো সামাজিক চুক্তি নয়; বরং এটি আল্লাহর কাছেও দায়বদ্ধতার বিষয়। কারও কাছে কোনো কাজ করার প্রতিশ্রুতি দিলে কিংবা কোনো দায়িত্ব গ্রহণ করলে তা যথাযথভাবে পালন করা মুমিনের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব।
অন্যদিকে প্রতিশ্রুতি ভঙ্গ করা মুনাফিকের অন্যতম বৈশিষ্ট্য। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
آيَةُ الْمُنَافِقِ ثَلَاثٌ: إِذَا حَدَّثَ كَذَبَ، وَإِذَا وَعَدَ أَخْلَفَ، وَإِذَا اؤْتُمِنَ خَانَ
‘মুনাফিকের লক্ষণ তিনটি। যখন কথা বলে মিথ্যা বলে, যখন প্রতিশ্রুতি দেয় তা ভঙ্গ করে এবং যখন তার কাছে আমানত রাখা হয়, তখন সে খিয়ানত করে।’ (বুখারি, হাদিস: ৩৩; মুসলিম, হাদিস: ৫৯)
হাদিসে রাসুলুল্লাহ (সা.) প্রতিশ্রুতি ভঙ্গকে মুনাফিকের অন্যতম লক্ষণ হিসেবে উল্লেখ করেছেন। এর মাধ্যমে বোঝা যায়, প্রতিশ্রুতি রক্ষা করা ঈমানি চরিত্রের গুরুত্বপূর্ণ অংশ। তবে কোনো ব্যক্তি অনিচ্ছাকৃতভাবে অপারগ হয়ে প্রতিশ্রুতি পালন করতে না পারলে কিংবা যথার্থ কারণে ব্যর্থ হলে তাকে মুনাফিক বলা যাবে না। এখানে নিন্দিত বিষয় হলো, সামর্থ্য থাকা সত্ত্বেও ইচ্ছাকৃতভাবে প্রতিশ্রুতি ভঙ্গ করা এবং অন্যকে ধোঁকা দেওয়া।
বর্তমান সমাজে ব্যক্তিগত সম্পর্ক থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্য, চাকরি, সামাজিক দায়িত্ব ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে প্রতিশ্রুতি ভঙ্গের প্রবণতা মানুষের পারস্পরিক আস্থা নষ্ট করছে। অনেকে সামান্য স্বার্থের জন্য কথা দিয়ে কথা রাখেন না। অথচ একজন মুমিনের কাছে নিজের স্বার্থের চেয়ে নৈতিকতা ও আল্লাহর সন্তুষ্টি অধিক গুরুত্বপূর্ণ হওয়া উচিত।
তাই কথা দেওয়ার আগে নিজের সামর্থ্য ও পরিস্থিতি বিবেচনা করা এবং কথা দিলে তা পালনে সর্বোচ্চ আন্তরিকতা দেখানো প্রত্যেক মুসলমানের কর্তব্য। কারণ প্রতিশ্রুতি রক্ষার মধ্য দিয়েই মানুষের জীবনে সততা, বিশ্বাসযোগ্যতা ও প্রকৃত ঈমানি চরিত্রের প্রকাশ ঘটে।
লেখক: আলেম ও সাংবাদিক



