অসুস্থতা যেভাবে গুনাহ ঝরিয়ে দেয়

প্রতীকী ছবি
মানুষের জীবনে সুস্থতার যেমন প্রয়োজন আছে, তেমনি অসুস্থতা, কষ্ট ও বিপদও জীবনের অবিচ্ছেদ্য অংশ। একজন মুমিনের কাছে এসব কেবল দুর্ভোগ নয়; বরং আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, গুনাহ মোচন এবং মর্যাদা বৃদ্ধির মাধ্যমও হতে পারে। সামান্য অসুস্থতা থেকে শুরু করে দীর্ঘস্থায়ী রোগ কিংবা নানা ধরনের শারীরিক কষ্ট—মুমিন যদি ধৈর্যের সঙ্গে তা সহ্য করে এবং আল্লাহর ওপর আস্থা রাখে, তবে সেই কষ্টও তার জন্য কল্যাণের কারণ হয়ে উঠতে পারে। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনে অসুস্থতার কষ্ট ছিল, কিন্তু তিনি তা ধৈর্যের সঙ্গে গ্রহণ করেছেন এবং উম্মতকে জানিয়েছেন, মুমিনের ওপর আপতিত কষ্টও আল্লাহর কাছে মূল্যহীন নয়। এ বিষয়ে আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত একটি গুরুত্বপূর্ণ হাদিস রয়েছে।
عَنْ عَبْدِ اللَّهِ، قَالَ دَخَلْتُ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَهُوَ يُوعَكُ فَمَسِسْتُهُ بِيَدِي فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّكَ لَتُوعَكُ وَعْكًا شَدِيدًا . فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَجَلْ إِنِّي أُوعَكُ كَمَا يُوعَكُ رَجُلاَنِ مِنْكُمْ قَالَ فَقُلْتُ ذَلِكَ أَنَّ لَكَ أَجْرَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَجَلْ ثُمَّ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَا مِنْ مُسْلِمٍ يُصِيبُهُ أَذًى مِنْ مَرَضٍ فَمَا سِوَاهُ إِلاَّ حَطَّ اللَّهُ بِهِ سَيِّئَاتِهِ كَمَا تَحُطُّ الشَّجَرَةُ وَرَقَهَا
’আবদুল্লাহ (রা.) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। তখন তিনি জরাক্রান্ত ছিলেন। আমি তাকে আমার হাতে স্পর্শ করে বললাম, হে আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)! আপনি তো ভীষণভাবে জরাক্রান্ত। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি এ পরিমাণ জ্বরে ভুগছি, যে পরিমাণ তোমাদের দু’জনের হয়ে থাকে। তিনি বলেন, আমি বললাম, এ কারণেই আপনার জন্য দ্বিগুণ প্রতিদান রয়েছে। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোনো মুসলিম ব্যক্তির জ্বর কিংবা অন্য কোনো কারণে বিপদ আপতিত হলে তার বিনিময়ে আল্লাহ তাআলা এমনভাবে তার অপরাধসমূহ ক্ষমা করে দেন যেভাবে বৃক্ষাদি পাতা ঝরায়। (মুসলিম, হাদিস : ২৫৭১)
অতএব, অসুস্থতা বা বিপদে পড়ে হতাশ না হয়ে মুমিনের উচিত ধৈর্য ধারণ করা, আল্লাহর ওপর ভরসা রাখা এবং সুস্থতার জন্য দোয়া ও চিকিৎসা গ্রহণ করা। কারণ মুমিনের কোনো কষ্টই আল্লাহর কাছে অর্থহীন নয়। কখনো যে কষ্টকে আমরা দুর্ভাগ্য মনে করি, সেটিই হতে পারে আমাদের গুনাহ ঝরে যাওয়ার এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য সুযোগ।



