যে দোয়াকে ইবরাহীম (আ.) জান্নাতের গাছপালা বলেছেন

প্রতীকী ছবি
জান্নাত মানুষের চিরস্থায়ী আবাস। সেখানে নেই কোনো দুঃখ-কষ্ট, ক্লান্তি কিংবা মৃত্যুর ভয়। কোরআন ও হাদিসে জান্নাতের সৌন্দর্য, নিয়ামত ও প্রশান্তির নানা বর্ণনা এসেছে। এর মধ্যে এমন কিছু আমল রয়েছে, যা দুনিয়ায় মানুষের জন্য সহজ হলেও আখিরাতে তার প্রতিদান অত্যন্ত মহামূল্যবান। এমনই একটি আমল হলো আল্লাহর তাসবিহ ও প্রশংসা করা। হাদিছে এসেছে-
عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَقِيتُ إِبْرَاهِيمَ لَيْلَةَ أُسْرِيَ بِي فَقَالَ يَا مُحَمَّدُ أَقْرِئْ أُمَّتَكَ مِنِّي السَّلاَمَ وَأَخْبِرْهُمْ أَنَّ الْجَنَّةَ طَيِّبَةُ التُّرْبَةِ عَذْبَةُ الْمَاءِ وَأَنَّهَا قِيعَانٌ وَأَنَّ غِرَاسَهَا سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ
ইবনে মাসউদ (রা.) হতে বর্ণিত আছে। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মি’রাজের রাতে আমি ইবরাহীম (আ.)-এর সঙ্গে দেখা করেছি। তিনি বললন, হে মুহাম্মাদ! আপনার উম্মাতকে আমার সালাম পৌছিয়ে দিন এবং তাদেরকে জানান যে, জান্নাতের জমীন অতীব সুগন্ধি সমৃদ্ধ এবং সেখানকার পানি অত্যন্ত সুস্বাদু। তা একটি সমতল ভূমি এবং তার গাছপালা হল-
سُبْحَانَ اللَّهِ وَالْحَمْدُ لِلَّهِ وَلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ
(উচ্চারণ) ‘সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার’। (তিরমিজি, হাদিস : ৩৪৬২)
হাদিসের এই বর্ণনা মুমিনের জন্য গভীর তাৎপর্য বহন করে। আমরা সাধারণত গাছ লাগানোর জন্য মাটি প্রস্তুত করি, পানি দিই এবং তার পরিচর্যা করি। কিন্তু জান্নাতের গাছপালার বিষয়টি দুনিয়ার গাছের মতো নয়। সেখানে আল্লাহর জিকিরই গাছপালার সঙ্গে সম্পর্কিত করা হয়েছে। অর্থাৎ মুমিনের জিকির তার জন্য আখিরাতের সম্পদ ও জান্নাতের সৌন্দর্য বৃদ্ধির একটি মাধ্যম।
‘সুবহানাল্লাহ’ অর্থ আল্লাহ সব ধরনের ত্রুটি ও অপূর্ণতা থেকে পবিত্র। ‘আলহামদুলিল্লাহ’ অর্থ সব প্রশংসা আল্লাহর জন্য। ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ ঘোষণা করে আল্লাহর একত্ব ও তাঁর ইবাদতের অধিকার স্বীকার করা হয়। আর ‘আল্লাহু আকবার’ অর্থ আল্লাহ সর্বশ্রেষ্ঠ, তাঁর চেয়ে বড় কেউ নেই।
এই চারটি বাক্যের মধ্যে তাওহিদ, আল্লাহর পবিত্রতা, তাঁর প্রশংসা ও মহত্ত্বের ঘোষণা একত্র হয়েছে। তাই এগুলো শুধু মুখের উচ্চারণ নয়, বরং একজন মুমিনের বিশ্বাস ও চেতনার প্রকাশ।
হাদিসটি আমাদের আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। জান্নাতের মতো মহামূল্যবান স্থান অর্জনের জন্য সব সময় বড় কোনো কাজের প্রয়োজন হয় না; আন্তরিকতার সঙ্গে করা ছোট ছোট আমলও আল্লাহর কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ হতে পারে। জিকির এমন একটি আমল, যা ঘরে, পথে, কর্মস্থলে কিংবা অবসর সময়ে সহজেই করা যায়। এর জন্য বিশেষ কোনো আয়োজনেরও প্রয়োজন নেই।
তাই প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও আমাদের উচিত জিহ্বাকে আল্লাহর জিকিরে সিক্ত রাখা। কারণ দুনিয়ায় উচ্চারিত এই পবিত্র বাক্যগুলোই যদি আখিরাতে জান্নাতের গাছপালার সঙ্গে সম্পর্কিত হয়, তাহলে একজন মুমিনের জন্য এর চেয়ে সুন্দর ও সহজ আমল আর কী হতে পারে?
লেখক: আলেম ও সাংবাদিক



