বিশৃঙ্খলাকারীদের প্রতিরোধ করা প্রতিটি নাগরিকের দায়িত্ব

প্রতীকী ছবি
মানবসমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা শুধু রাষ্ট্র বা প্রশাসনের দায়িত্ব নয়; প্রত্যেক নাগরিকেরও গুরুত্বপূর্ণ নৈতিক ও ধর্মীয় দায়িত্ব রয়েছে। সমাজে যখন অন্যায়, জুলুম, সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে, তখন নীরব দর্শকের ভূমিকা পালন করাও অনেক ক্ষেত্রে অন্যায়কে প্রশ্রয় দেওয়ার শামিল। বিশেষ করে যারা অগ্নিসংযোগ, ভাঙচুর, লুটপাট, ভয়ভীতি প্রদর্শন কিংবা নিরপরাধ মানুষের জানমালের ক্ষতিসাধনের মাধ্যমে জনজীবনে আতঙ্ক সৃষ্টি করে, তাদের অন্যায় কর্মকাণ্ড প্রতিরোধে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি। ইসলাম শুধু ব্যক্তিগতভাবে সৎ থাকার শিক্ষা দেয় না; বরং সমাজ থেকে অন্যায় দূর করা এবং ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার নির্দেশ দেয়।
পবিত্র কোরআনে মহান আল্লাহ মুমিনদের একটি দায়িত্বশীল দল গঠনের নির্দেশ দিয়ে ইরশাদ করেছেন,
وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ ۚ وَأُولَٰئِكَ هُمُ الْمُفْلِحُونَ
অর্থ: ‘তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, যারা কল্যাণের দিকে আহ্বান করবে, সৎকাজের নির্দেশ দেবে এবং অসৎকাজে নিষেধ করবে। আর তারাই সফলকাম।’ (সুরা আলে ইমরান, আয়াত: ১০৪)
এ আয়াতে সমাজে ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠা এবং অন্যায় প্রতিরোধের সম্মিলিত দায়িত্বের কথা বলা হয়েছে। অর্থাৎ শুধু নিজেরা অন্যায় থেকে দূরে থাকাই যথেষ্ট নয়; বরং অন্যায় ও অসৎকর্মের বিস্তার রোধেও সামর্থ্য অনুযায়ী ভূমিকা রাখতে হবে। কারণ অন্যায় যখন সমাজে নির্বিঘ্নে চলতে থাকে, তখন তার ক্ষতিকর প্রভাব একসময় অপরাধীর গণ্ডি পেরিয়ে পুরো সমাজকে আক্রান্ত করে। তাই অন্যায়ের প্রতিবাদ, অপরাধ সম্পর্কে মানুষকে সচেতন করা এবং ন্যায় প্রতিষ্ঠায় সহযোগিতা করা একটি সুস্থ সমাজের অপরিহার্য বৈশিষ্ট্য।
অন্যায় প্রতিরোধের গুরুত্ব বোঝাতে রাসুলুল্লাহ (সা.) অত্যন্ত তাৎপর্যপূর্ণ নির্দেশনা দিয়েছেন। আবু সাঈদ খুদরি (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি,
مَنْ رَأَى مِنْكُمْ مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ
অর্থ: ‘তোমাদের কেউ কোনো অন্যায় কাজ হতে দেখলে সে যেন তা হাত দিয়ে প্রতিহত করে। যদি সে তা করতে সক্ষম না হয়, তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করে। আর যদি তাও করতে সক্ষম না হয়, তাহলে অন্তর দিয়ে ঘৃণা করে। আর এটি ঈমানের দুর্বলতম স্তর।’ (মুসলিম, হাদিস: ৪৯)
এই হাদিসে অন্যায় প্রতিরোধের তিনটি স্তর তুলে ধরা হয়েছে।
প্রথমত, যথাযথ ক্ষমতা ও বৈধ কর্তৃত্ব থাকলে অন্যায় বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা।
দ্বিতীয়ত, প্রথমটি সম্ভব না হলে- প্রতিবাদ, সচেতনতা সৃষ্টি ও সত্য তুলে ধরার মাধ্যমে অন্যায়ের বিরোধিতা করা।
তৃতীয়ত, প্রকাশ্যে প্রতিবাদ করারও সামর্থ্য না থাকলে অন্তরে অন্যায়কে ঘৃণা করা এবং সেটিকে সমর্থন না করা।
হাদিসটি থেকে বোঝা যায়, একজন মুমিন কোনো অন্যায়কে স্বাভাবিক ঘটনা হিসেবে মেনে নিতে পারে না। তবে অন্যায় প্রতিরোধের নামে নিজেই আইন হাতে তুলে নেওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি করা কিংবা আরও বড় ক্ষতির কারণ হওয়া ইসলামের উদ্দেশ্য নয়। বরং সামর্থ্য, দায়িত্ব ও বৈধ কর্তৃত্বের সীমার মধ্যে থেকে অন্যায় প্রতিরোধ করতে হবে।
অন্যায়কারীকে সহযোগিতা না করা এবং তার অন্যায় বন্ধ করাও ইসলামের গুরুত্বপূর্ণ শিক্ষা। রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
انْصُرْ أَخَاكَ ظَالِمًا أَوْ مَظْلُومًا
‘তোমার ভাইকে সাহায্য করো, সে জালিম হোক অথবা মজলুম।’ সাহাবিরা জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসুল! মজলুমকে সাহায্য করার বিষয়টি বুঝলাম, কিন্তু জালিমকে কীভাবে সাহায্য করব? তিনি বললেন,
تَأْخُذُ فَوْقَ يَدَيْهِ
‘তুমি তাকে জুলুম করা থেকে বিরত রাখবে।’ (বুখারি, হাদিস: ২৪৪৪)
এ হাদিসে অন্যায়কারীকে তার অন্যায় থেকে ফিরিয়ে আনাকেও তার প্রতি প্রকৃত সহযোগিতা হিসেবে আখ্যায়িত করা হয়েছে। অর্থাৎ অপরাধীকে প্রশ্রয় দেওয়া, তার অন্যায়কে সমর্থন করা কিংবা স্বার্থের কারণে তার অপকর্মের সহযোগী হওয়া প্রকৃত ভ্রাতৃত্ব নয়। বরং তাকে অন্যায় থেকে ফিরিয়ে আনা এবং ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত কল্যাণকামিতা। এ শিক্ষা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের সর্বক্ষেত্রেই গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, সমাজে বিশৃঙ্খলা ও অপরাধ বিস্তারের অন্যতম কারণ হলো অন্যায়ের প্রতি উদাসীনতা এবং অপরাধীদের প্রশ্রয় দেওয়া। পবিত্র কোরআনে মহান আল্লাহ ন্যায় ও কল্যাণের কাজে পারস্পরিক সহযোগিতার নির্দেশ দিয়ে বলেন,
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَىٰ وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
অর্থ: ‘তোমরা সৎকর্ম ও তাকওয়ার কাজে পরস্পর সহযোগিতা করো; পাপ ও সীমালঙ্ঘনের কাজে পরস্পর সহযোগিতা করো না।’ (সুরা আল-মায়িদা, আয়াত: ২)
এই নির্দেশনার আলোকে সমাজের প্রত্যেক মানুষের উচিত শান্তি, নিরাপত্তা ও জনকল্যাণের কাজে পরস্পর সহযোগিতা করা। কোথাও সন্ত্রাস, অগ্নিসংযোগ, নাশকতা কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার ঘটনা ঘটলে তা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করা, অপরাধের তথ্য যথাযথ কর্তৃপক্ষকে জানানো এবং গুজব ও উসকানিমূলক প্রচারণা থেকে বিরত থাকা নাগরিক দায়িত্বের অন্তর্ভুক্ত। একই সঙ্গে রাজনৈতিক, সামাজিক কিংবা ব্যক্তিগত স্বার্থে কোনো অপরাধকে সমর্থন করা বা অপরাধীদের আশ্রয়-প্রশ্রয় দেওয়া থেকে বিরত থাকতে হবে।
সমাজে শান্তি প্রতিষ্ঠা একটি সম্মিলিত দায়িত্ব। রাষ্ট্রকে আইনের শাসন নিশ্চিত করতে হবে, প্রশাসনকে নাগরিকের জানমালের নিরাপত্তা দিতে হবে এবং বিচারব্যবস্থাকে অপরাধীদের ন্যায়সংগত বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি প্রত্যেক নাগরিককে অন্যায় ও অপরাধের বিরুদ্ধে সচেতন থাকতে হবে।
অন্যায়কারীর অন্যায়কে প্রশ্রয় দিলে একসময় তার পরিণতি পুরো সমাজকেই ভোগ করতে হয়। তাই সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলার বিরুদ্ধে আইনসম্মত ও শান্তিপূর্ণ অবস্থান গ্রহণ, নিরপরাধ মানুষের পাশে দাঁড়ানো এবং ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় সহযোগিতা করা প্রত্যেক নাগরিকের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। যে সমাজের মানুষ অন্যায়ের বিরুদ্ধে সচেতন, ন্যায়ের পক্ষে ঐক্যবদ্ধ এবং পরস্পরের নিরাপত্তা রক্ষায় দায়িত্বশীল, সেই সমাজেই প্রকৃত শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হতে পারে।
লেখক: আলেম ও সাংবাদিক



