শ্রমিকের অধিকার ও শিল্প রক্ষায় ব্যর্থ হলে দায় সরকারের : মঞ্জু

মজিবুর রহমান মঞ্জু। ফাইল ছবি
শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি তৈরি পোশাকশিল্পের উৎপাদন ও প্রতিযোগিতার সক্ষমতা রক্ষার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। তিনি বলেছেন, শ্রমিকের অধিকার ও শিল্পের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হলে এর দায় সরকারকেই নিতে হবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর বিজয়নগরে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাকশিল্প থেকে। এ খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক যুক্ত। দ্রব্যমূল্য, বাসাভাড়া ও অন্যান্য ব্যয় বেড়ে যাওয়ায় বর্তমান মজুরিতে শ্রমিকদের জীবনযাপন কঠিন হয়ে পড়েছে। তাই ৩০ হাজার টাকা ন্যূনতম মজুরির দাবিকে গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে।
তিনি আরো বলেছেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা ও উৎপাদন ব্যয় বৃদ্ধির কারণে ক্ষুদ্র ও মাঝারি কারখানাগুলো চাপে রয়েছে। শ্রমিকদের মজুরি বৃদ্ধির পুরো চাপ মালিকদের ওপর না দিয়ে আন্তর্জাতিক ব্র্যান্ড ও ক্রেতাদেরও দায়িত্ব নিতে হবে।
শ্রমিক অসন্তোষ মোকাবিলায় রাজনৈতিক নেতাকর্মীদের মাঠে নামার সমালোচনা করে মঞ্জু বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষা রাজনৈতিক দলের দায়িত্ব নয়। এ জন্য রাষ্ট্রীয় বাহিনীকে কার্যকর করতে হবে। একই সঙ্গে গাজীপুরে শ্রমিক তৌফিক হোসেনের মৃত্যুর ঘটনা এবং শ্রমিকদের ওপর হামলার অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার আব্বাস ইসলাম খান নোমান আগামী ১৫ দিনের মধ্যে মজুরি বোর্ডের সুপারিশ চূড়ান্ত করার দাবি জানান। তার ভাষ্য, প্রয়োজনে ধাপে ধাপে মজুরি বাড়ানো হলেও প্রতিটি ধাপের পরিমাণ ও কার্যকরের তারিখ নির্ধারণ করতে হবে।
সংবাদ সম্মেলনে এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, দক্ষিণের আহ্বায়ক আব্দুল হালিম খোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।



