ডা. রফিকূল
৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা করেছে সরকার

শুক্রবার মুন্সিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকূল ইসলাম
স্বাস্থ্যখাতে জনবল সংকট নিরসনে সরকার ৫ হাজার চিকিৎসক নিয়োগের পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. রফিকূল ইসলাম।
আজ শুক্রবার মুন্সিগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণকালে এ তথ্য জানান তিনি। এ সময় স্থানীয় বিএনপি, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), যুবদল, ছাত্রদলসহ দলের অন্য অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
লিফলেট বিতরণকালে সাধারণ মানুষকে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধির কারণ, এডিস মশার প্রজননস্থল ধ্বংস, বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে অবহিত করা হয়।
এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যাপক ডা. রফিকূল ইসলাম বলছিলেন, ‘বর্তমান সরকার স্বাস্থ্যখাতে রোগ প্রতিরোধকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ডেঙ্গুর বিস্তার রোধে জনসচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এ লক্ষ্যেই দেশের স্বনামধন্য চিকিৎসকদের সমন্বয়ে ডেঙ্গু প্রতিরোধবিষয়ক সচেতনতামূলক লিফলেট তৈরি করা হয়েছে, যা দেশব্যাপি বিতরণ করা হচ্ছে।’
তিনি বলেন, ‘বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। অতীতে ডেঙ্গুর মৌসুমে স্যালাইনের সংকট দেখা দিলেও এবার পর্যাপ্ত স্যালাইন মজুত রয়েছে। এ ছাড়া সরকারিভাবে ডেঙ্গুর পরীক্ষা বিনামূল্যে করার ব্যবস্থা নেওয়া হয়েছে।’
জনস্বাস্থ্য সুরক্ষায় দেশব্যাপি এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।




