পাহাড়, গার্মেন্টস ও গোপালগঞ্জের অস্থিরতার শিকড় এক জায়গায় : ফুয়াদ

সংগৃহীত ছবি
পার্বত্য চট্টগ্রাম, তৈরি পোশাক খাত ও গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সৃষ্ট অস্থিরতার পেছনে একই ধরনের রাজনৈতিক ও ভূরাজনৈতিক স্বার্থ কাজ করছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তিনি বলেছেন, ‘এসব ঘটনার সঙ্গে দিল্লির স্বার্থ ও প্রভাবের বিষয়টিও খতিয়ে দেখা প্রয়োজন।’
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে এবি পার্টি আয়োজিত ‘পাহাড়ে অস্থিরতার কারণ ও প্রতিকার’ শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সভায় আসাদুজ্জামান ফুয়াদ বলছিলেন, পার্বত্য চট্টগ্রামের অস্থিরতাকে বিচ্ছিন্ন আঞ্চলিক সমস্যা হিসেবে দেখার সুযোগ নেই। এর সঙ্গে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব ও ভূরাজনৈতিক স্বার্থ জড়িত। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকলেও স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে দেশটির ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার অধিকার জনগণের রয়েছে। কোনো বিদেশি প্রভাব বা হস্তক্ষেপ বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে গেলে তা মেনে নেওয়া যায় না।
আলোচনায় ফাউন্ডেশন ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর বলেন, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল হলে কিংবা ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন তৈরি হলে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতির অবনতি ঘটে কি না, তা বিশ্লেষণ করা প্রয়োজন। পাহাড়ের সংকট সমাধানে রাজনৈতিক দলগুলোকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। স্থানীয় জনগণকে মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত করার পাশাপাশি রাষ্ট্রের কার্যকর উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
পার্বত্যনিউজ সম্পাদক মেহেদী হাসান পলাশ বলেন, পার্বত্য চট্টগ্রামের সংকটের অন্যতম প্রধান কারণ ভূমি বিরোধ। এর সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক ভূরাজনৈতিক স্বার্থও জড়িত। পাহাড়ের সমস্যা বুঝতে রাজনৈতিক দলগুলোকে নিয়মিত সেখানে যেতে হবে এবং স্থানীয় মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ বাড়াতে হবে। শান্তিচুক্তির পুনর্মূল্যায়ন ও বাস্তবায়ন নিয়েও কার্যকর উদ্যোগ প্রয়োজন।
সাংবাদিক ও লেখক আবু রুশদ বলেন, পার্বত্য চট্টগ্রামের সংকট মূলত রাজনৈতিক। স্বাধীনতার পর পাহাড়ের জনগোষ্ঠীর জাতিগত পরিচয়ের প্রশ্নটি যথাযথ সংবেদনশীলতার সঙ্গে মোকাবিলা করা হয়নি। ফলে তাদের মধ্যে ক্ষোভ ও বিচ্ছিন্নতাবোধ তৈরি হয়েছে। এ সংকট সমাধানে সামরিক পদক্ষেপের পাশাপাশি রাজনৈতিক উদ্যোগ প্রয়োজন।
বাংলাদেশ আজাদ পার্টির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বলেন, পাহাড়ের সংকট শুধু সেনাবাহিনীর ওপর ছেড়ে দিলে হবে না। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রাজনৈতিক নেতৃত্বের দায়িত্বের বিষয়। ভূমি ব্যবস্থাপনা, নাগরিক পরিচয় ও সংসদে পাহাড়ের জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।
জনতার দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেজর (অব.) ডেল এইচ খান বলেন, পার্বত্য চট্টগ্রামের সংকটের অন্যতম কারণ ভূমির মালিকানা ও ব্যবস্থাপনার জটিলতা। তিন দশকের বেশি সময় পার হলেও শান্তিচুক্তির পূর্ণাঙ্গ পর্যালোচনা হয়নি। এ সমস্যা সমাধানে সরকারকে জাতীয় ঐকমত্যের উদ্যোগ নিতে হবে।
এবি পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার বলেন, পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতা ও রাজনৈতিক স্বার্থের কারণে পাহাড়ের সংকট দীর্ঘদিন ধরে জিইয়ে রয়েছে। এ সমস্যা সমাধানে দায়িত্বশীল রাজনৈতিক নেতৃত্ব ও জাতীয় স্বার্থভিত্তিক রাষ্ট্রীয় নীতি প্রয়োজন।




