আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাস চালিয়ে গেলে গোপালগঞ্জে ’৭৪ সালের মতো দুর্ভিক্ষ শুরু হবে : রাশেদ খাঁন

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব মো. রাশেদ খাঁন।
আওয়ামী লীগ গোপালগঞ্জকে কেন্দ্র করে অগ্নিসন্ত্রাস ও অরাজকতা চালিয়ে গেলে জেলাটিতে ১৯৭৪ সালের মতো দুর্ভিক্ষ দেখা দিতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সচিব মো. রাশেদ খাঁন।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় সমমনা জোট আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।
তিনি বলেছেন, গোপালগঞ্জকে রাজনৈতিকভাবে জিম্মি করে আওয়ামী লীগ নিজেদের অবস্থান ধরে রাখতে চাইলে একসময় দলটির অস্তিত্ব ওই জেলার মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়বে।
সমাবেশে রাশেদ খাঁন আওয়ামী লীগকে ‘গোপালগঞ্জ লিমিটেড কোম্পানি’ আখ্যা দেন। তিনি বলেছেন, গোপালগঞ্জের বাইরে দলটির কোনো অস্তিত্ব থাকবে না।
রাশেদ খাঁন বলেন, গোপালগঞ্জকে জিম্মি করে আওয়ামী লীগ যদি মনে করে তারা সফল হয়েছে, তাহলে ভুল করবে। এভাবে চলতে থাকলে দলটি গোপালগঞ্জ লিমিটেড কোম্পানিতে পরিণত হবে। জেলার বাইরে তাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব থাকবে না।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ এভাবে অগ্নিসন্ত্রাস ও অরাজকতা চালিয়ে গেলে গোপালগঞ্জে ১৯৭৪ সালের মতো আরেকটি দুর্ভিক্ষ শুরু হবে।
সমাবেশে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যেরও সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেন, জাতীয় সংসদ ও টেলিভিশনের টকশোতে রুমিন ফারহানা ফ্যাসিস্ট শেখ হাসিনার যোগ্য প্রতিনিধি হিসেবে বক্তব্য দিচ্ছেন। তাকে আওয়ামী লীগের বাংলাদেশ শাখার দায়িত্ব দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
রুমিন ফারহানাকে উদ্দেশ করে রাশেদ খাঁন বলেন, ‘আপনি যদি মনে করেন শেখ হাসিনার ভাষায় কথা বলে আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে, তাহলে আপনাকে বলতে চাই, আওয়ামী লীগকে কখনোই বাংলাদেশে ফিরিয়ে আনা যাবে না।’
এ সময় জামায়াত ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভূমিকা নিয়েও কথা বলেন তিনি। রাশেদ খাঁন বলেন, ‘আমরা দেখতে চাই, প্রধানমন্ত্রীর ডাকে জামায়াত ও এনসিপি রাজপথে ঝাঁপিয়ে পড়ে কি না।’
আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের সমঝোতার বিরোধিতা করে তিনি বলেন, ‘এই আওয়ামী লীগের সঙ্গে আপস করলে কোনো ইমান থাকবে না। সুতরাং যারা আওয়ামী লীগের সঙ্গে আপস করবে, তারা ইমানহারা হবে। আওয়ামী লীগের সঙ্গে আপস করা মানে শয়তানের সঙ্গে আপস করা।’
বক্তব্যের শেষ দিকে শেখ হাসিনার দেশে ফেরা প্রসঙ্গেও মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি বলেন, ‘ডিসেম্বর যাবে, ডিসেম্বর আসবে। তিনি আর বাংলাদেশে ফিরবেন না।’



