দেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপি কার্যালয়ে ব্রিফিং করেন সালাহউদ্দিন আহমদ
বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান এবং প্রত্যাবর্তন ঘটবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, বারবার যখন স্বৈরাতন্ত্রের আগমন হয়েছে প্রত্যেকবারই বিএনপির নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয়েছে। একবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং এরেকবার আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে।
আজ বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলছিলেন, আমরা গণতান্ত্রিক আচরণ করব। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করব। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করব। এই প্রতিজ্ঞা আমাদের আছে, এ দেশের জনগণের আছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বললেন, ‘তারা এখন পতিত ফ্যাসিবাদী শক্তি। গণহত্যার মধ্য দিয়ে পলায়ন করে রাজনীতিতে অপ্রাসঙ্গিক। তাদের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডে কেউ কেউ হয়তো বিভ্রান্ত হয়েছেন।’
আইনশৃঙ্খলা বাহিনী অতিরিক্ত বল প্রয়োগ করবে না বলে জানিয়ে তিনি বলেন, ‘তবে যদি প্রয়োজন হয় জনগণের জানমাল রক্ষার্থে কঠোরতম পদক্ষেপ গ্রহণ করা হবে।’
ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন— বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য আমান উল্লাহ আমান, চেয়ারম্যানের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল প্রমুখ।



