তারেক রহমানকে জামায়াত আমির
‘আসুন— গণমাধ্যম ও জনগণের সামনে সরাসরি মুখোমুখি হই’

ফাইল ছবি
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উদ্দেশে জামায়াত আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আসুন— আমরা গণমাধ্যম এবং জনগণের চুলচেরা বিশ্লেষণের মুখোমুখি হই এবং ভবিষ্যতের শাসনব্যবস্থার জন্য একটি মানদণ্ড নির্ধারণ করি, যা হবে সমালোচনা গ্রহণে সক্ষম, দায়বদ্ধ এবং স্বচ্ছ।’
শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান জামায়াত আমির।
জুলাই বিপ্লব-পরবর্তী বাংলাদেশে এক নতুন ধারার রাজনীতির প্রয়োজনীয়তা তুলে ধরে তারেক রহমানের উদ্দেশে ডা.
শফিকুর রহমান বলেন, ‘জুলাই বিপ্লবের পর, আমাদের তরুণ প্রজন্মের কাছে এটি প্রমাণ করা আমাদের দায়িত্ব যে— রাজনীতি সৌজন্যমূলক এবং সংঘাতহীন হতে পারে। আসুন, আমরা গণমাধ্যম এবং জনগণের চুলচেরা বিশ্লেষণের মুখোমুখি হই এবং ভবিষ্যতের শাসনব্যবস্থার জন্য একটি মানদণ্ড নির্ধারণ করি, যা হবে সমালোচনা গ্রহণে সক্ষম, দায়বদ্ধ এবং স্বচ্ছ।’
তারেক রহমানের উদ্দেশে তিনি আরো বলেন, ‘যেহেতু আপনি আপনার পরিকল্পনা পেশ করেছেন, তাই আমি আপনাকে একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। সেখানে আমরা নিজ নিজ ইশতেহার জাতির সামনে তুলে ধরব এবং জনগণকেই সিদ্ধান্ত নিতে দেব।’
আসুন, বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায় শুরু করি, যেখানে আমরা সবাই জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকার করব উল্লেখ করেন জামায়াত আমির। এছাড়া একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই কেবল বৈধতা অর্জিত হয়। স্বচ্ছতা ও জনমানুষের আস্থা ছাড়া কোনো ফলাফলই জনগণের বিশ্বাস অর্জন করতে পারে না বলেও উল্লেখ করেন ডা. শফিকুর রহমান।

