ঐক্যে ফাটলের সুযোগ নিচ্ছে ফ্যাসিবাদী শক্তি: শফিকুর রহমান

বুধবার রাতে সংসদ অধিবেশনে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান
নির্বাচনের আগে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী রাজনৈতিক দলগুলো একই অবস্থানে থাকলেও বর্তমানে সরকার ও বিরোধী দলের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান।
রাজনৈতিক ঐক্যে এই দুর্বলতার সুযোগ নিয়ে ফ্যাসিবাদী শক্তি সক্রিয় হচ্ছে বলে মনে করেন তিনি। একই সঙ্গে দেশের চলমান নাশকতা, শিল্পকারখানায় হামলা, বাজার সিন্ডিকেট এবং আন্তর্জাতিক চুক্তির স্বচ্ছতা নিয়ে সংসদে উদ্বেগ প্রকাশ জামায়াত আমির।
আজ বুধবার রাতে ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে এ কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, ‘বর্তমান সংসদ প্রতিষ্ঠার পেছনে দুটি নির্বাচনের বিষয় রয়েছে। এর একটি বাস্তবায়িত হলেও অন্যটি এখনো বাকি।’ তার মতে, ফ্যাসিবাদীদের আশ্রয়-প্রশ্রয় এবং রাজনৈতিক ঐক্যে দুর্বলতা তৈরি হওয়া বর্তমান পরিস্থিতির অন্যতম কারণ।
ক্ষমতা কারও জন্য স্থায়ী নয় উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বললেন, ‘ক্ষমতার পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া। তাই সংস্কার কিংবা সংশোধনের উদ্যোগ কোনো ব্যক্তি বা দলের স্বার্থে নয়, বরং জাতির বৃহত্তর স্বার্থে নেওয়া উচিত।’
দেশের বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, ‘গত কয়েকদিন ধরে পলাতক ফ্যাসিস্টদের দোসরদের ব্যাপক নাশকতা দেখা যাচ্ছে। সরকার আইনশৃঙ্খলা নিয়ে বক্তব্য দিলেও পরিস্থিতি মোকাবিলায় সুনির্দিষ্ট নীতিকৌশল ও দৃশ্যমান অগ্রগতি জনগণের সামনে স্পষ্ট নয়।
শিল্পকারখানায় হামলার পেছনে তৃতীয় শক্তি
তৈরি পোশাকশিল্পসহ বিভিন্ন শিল্পকারখানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় উদ্বেগ জানিয়ে জামায়াত আমির বলেছেন, শ্রমিকদের মজুরি ও সুযোগ-সুবিধা নিয়ে আন্দোলন থাকলে অন্য কারখানায় হামলা, সিরামিক কারখানায় ভাঙচুর কিংবা বিদ্যুৎ অফিসে আগুন দেওয়ার ঘটনা ঘটবে কেন? এসব ঘটনার পেছনে তৃতীয় কোনো অপশক্তি রয়েছে।
তার ভাষায়, ‘কোনো শ্রমিক তার ফ্যাক্টরি ধ্বংস করতে যাবে না। আগুন দিতে যাবে না, ভাঙচুর করতে যাবে না। কারণ এটা তার নিজের ঠিকানা।’
শ্রমিক আন্দোলনের আড়ালে যারা শিল্পপ্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করছে, তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। এ বিষয়ে সরকার ও বিরোধী দল উভয়পক্ষের স্পষ্ট অবস্থান থাকা প্রয়োজন বলেও উল্লেখ করেন।
পোশাকশিল্পের সংকট তুলে ধরে শফিকুর রহমান বললেন, এ খাতের উদ্যোক্তাদের উচ্চ সুদে ঋণ নিতে হচ্ছে। প্রতিযোগী দেশগুলোর তুলনায় বাংলাদেশে ঋণের সুদের হার বেশি। ব্যাংক খাতের দুরবস্থার কারণে প্রয়োজনীয় কার্যকরী মূলধন ও মূলধনি যন্ত্রপাতি আমদানির অর্থায়নেও সংকট রয়েছে। পাশাপাশি অ্যাকসেসরিজ ও অন্যান্য উপকরণ সংগ্রহ এবং করসংক্রান্ত জটিলতাও উদ্যোক্তাদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
শ্রমিকদের জীবনযাত্রার ব্যয় বিবেচনায় নিয়ে ন্যায্য মজুরি নিশ্চিতের পাশাপাশি শিল্পের উৎপাদন ও মুনাফা ধরে রাখার ওপর গুরুত্ব দেন জামায়াত আমির। এ জন্য শ্রমিক ও মালিক উভয়ের স্বার্থ বিবেচনায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান। শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল নির্মাণে প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়নও দেখতে চানতিনি।
মাতারবাড়ি প্রকল্পের চুক্তি প্রকাশের দাবি
এদিকে সংবিধানের ১৪৫(ক) অনুচ্ছেদ অনুসারে ভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত সব দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় চুক্তি জাতীয় সংসদে উপস্থাপনের দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।
৫৮ বিধিতে সাধারণ আলোচনার নোটিসের ওপর বক্তব্য দিতে গিয়ে তিনি বিশেষ করে মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প এবং প্রধানমন্ত্রীর সাম্প্রতিক জাপান সফরের প্রসঙ্গ তোলেন। ওই সফরে প্রকল্পটি নিয়ে কোনো চুক্তি বা আলোচনা হয়ে থাকলে আগামী অধিবেশনে তা স্পষ্টভাবে তুলে ধরার আহ্বান জানান।
ডা. শফিকুর রহমান বলেন, অতীতে বিভিন্ন দেশের সঙ্গে অনেক দ্বিপক্ষীয় ও বহুপক্ষীয় চুক্তি হয়েছে। কিন্তু সেসব চুক্তিতে কী ছিল, তা জনগণ জানতে পারেনি। এসব চুক্তির অনেক কিছু গোপন রাখা হয়েছে। কিন্তু এখন একটি নির্বাচিত সংসদ, এই সংসদে লুকোচুরি আর চলুক এটা আমরা মোটেই চাই না।’
সমতার ভিত্তিতে সম্পর্ক
আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান ও সমতার ওপর গুরুত্বারোপ করে জামায়াত আমির বলেন, দেশের মানুষ আবারও আধিপত্যের কালো ছায়া অনুভব করছে। আধিপত্যবাদ বাংলাদেশে ফিরে আসুক, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বললেন, ‘বাংলাদেশ বন্ধু ও আন্তরিক উন্নয়ন সহযোগী চায়। তবে সম্পর্কের ক্ষেত্রে উভয়পক্ষের মর্যাদা সমান থাকতে হবে।’
বাজার পরিস্থিতি নিয়ে উদ্বেগ
সংসদ অধিবেশনে বাজার পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা। তিনি বলেন, আমদানি, অভ্যন্তরীণ সরবরাহ ও রপ্তানি খাতে এখনো সিন্ডিকেটের প্রভাব রয়েছে। এর ফলে উৎপাদকরা ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন, অন্যদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ ভোক্তারাও। সব ধরনের সিন্ডিকেট ভেঙে দিতে হবে।



