জামায়াত আমির
জাতি এখন সবচেয়ে বড় সংকটে

জাতি বর্তমানে সবচেয়ে বড় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বললেন, এই সংকট থেকে জাতির উত্তরণ ঘটাতেই হবে। গতকাল শুক্রবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির আয়োজিত ‘রোড টু সিরাহ’ জাতীয় সিরাত পাঠ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেছেন তিনি। ডা. শফিকুর রহমান বললেন, দেশে অনেক মেধাবী রয়েছে। তবে তাদের অনেকেই ‘ইভিল ট্যালেন্ট’ বা মেধার অপব্যবহার করছেন। আল্লাহর দেওয়া মেধাকে মানবতা, সৃষ্টি ও কল্যাণের কাজে না লাগিয়ে বৈধ-অবৈধ নানা পথে নিজেদের স্বার্থ ও লাভ খুঁজছেন তারা। আল্লাহকে সন্তুষ্ট করার পথ একটাই— নবী করিম (সা.)-এর পদাঙ্ক অনুসরণ। পায়ে পায়ে ও অক্ষরে অক্ষরে অনুসরণ করতে হবে তার জীবন। রাসুলুল্লাহ (সা.)-এর জীবনকে অনুসরণীয় আদর্শ হিসেবে তুলে ধরে জামায়াত আমিরের আহ্বান, একটি শিশু যদি জানতে চায় কাকে অনুসরণ করবে, তাহলে তার সামনে মহানবী (সা.)-এর শৈশবকে তুলে ধরতে হবে। শৈশবেও তিনি অন্যের হক নষ্ট করেননি, কাউকে কষ্ট দেননি এবং কোনো অশ্লীল কথাও বলেননি। একজন ব্যবসায়ী, দার্শনিক, চিন্তাবিদ, সমন্বয়ক কিংবা বিচারকের জীবনে যে ক্ষেত্রেই অনুসরণের প্রশ্ন আসুক না কেন, নিঃসন্দেহে রাসুলুল্লাহ (সা.) হচ্ছেন সর্বোত্তম আদর্শ।



