তারেক রহমানের সফর : কর্মসূচি ঘিরে দ্বন্দ্ব যুক্তরাষ্ট্র আওয়ামী লীগে

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিআইডি
জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউ ইয়র্ক সফরকে স্বাগত জানিয়ে এরই মধ্যে কর্মসূচি দিয়েছে তার দল বিএনপি। অন্যদিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগও ঘোষণা করেছে প্রতিবাদী কর্মসূচি। তবে সেই কর্মসূচি ঘিরে দলটির নেতাদের মধ্যে দেখা দিয়েছে দ্বন্দ্ব।
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর নিউ ইয়র্কে পৌঁছাবেন তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম যুক্তরাষ্ট্র সফর।
তারেক রহমানকে স্বাগত জানাতে যুক্তরাষ্ট্র বিএনপি এবং এর সহযোগী সংগঠনগুলো জন এফকে কেনেডি বিমানবন্দরে সমাবেশ আয়োজন করেছে।
অন্যদিকে একই দিনে বিমানবন্দরে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশে আওয়ামী লীগের কার্যক্রমে রয়েছে নিষেধাজ্ঞা।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ তিন দফা দাবিতে বিমানবন্দরে বিক্ষোভের ডাক দিয়েছে। দাবিগুলো হলো আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহার, দলীয় সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে মামলা এবং দণ্ড বাতিল, আটক রাজনৈতিক নেতাদের মুক্তি।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান আগামীর সময়কে বলেছেন, ‘ডিম ছোড়াসহ কোনো অপ্রীতিকর কর্মসূচি আমরা দেব না। তবে ৩ দফা পূরণের দাবিতে বিমানবন্দর ও জাতিসংঘের সামনে বিক্ষোভ প্রদর্শন করব।’
‘যদি তারেক রহমান বাংলাদেশের পরিস্থিতি ও শেখ হাসিনা-আওয়ামী লীগ প্রশ্নে আমাদের সঙ্গে বসতে চান, তবে আমরা সাড়া দেব। প্রয়োজনে নেত্রীর মতামত নিয়েই আলোচনায় বসতে রাজি আছি,’ বলেন তিনি।
তবে আওয়ামী লীগের একাংশ সিদ্দিকুর রহমানের এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করছে। ক্ষোভ জানিয়ে সোশাল মিডিয়ায় লেখালেখি করছেন তারা।
তাদের ভাষ্য, তারেক রহমানকে প্রতিরোধে সর্বাত্মক কর্মসূচি পালন করতে চান তারা। প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদেরও তারা প্রতিরোধ করবেন। সভাপতি সিদ্দিকুর রহমানের সমালোচনায়ও তারা মুখর।
নিষিদ্ধ ছাত্রলীগের গোপালগঞ্জ জেলার সাবেক সভাপতি হিন্দোল কাদির প্রকাশ্যে বলছেন, সিদ্দিকুর রহমান সরকারের ‘দালালি’ করছেন।
ব্রুকলিনে বসবাসকারী যুবলীগের এক কর্মী নাম না প্রকাশের শর্তে আগামীর সময়কে বলেন, ‘২১ কিংবা ২৪ সেপ্টেম্বর যেকোনোভাবেই হোক, তারেক রহমানের সফরসঙ্গীদের ওপর ডিম মারবোই। এটাই আমার প্রতিজ্ঞা।’
২১ সেপ্টেম্বর নিউ ইয়র্ক পৌঁছনোর পর ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভাষণ দেওয়ার কথা রয়েছে।
তারেক রহমানকে প্রতিরোধে আওয়ামী লীগের একাংশে কর্মসূচি নিয়ে আরেক অংশের আশঙ্কা, দলীয় সিদ্ধান্ত না থাকলেও কেউ কেউ ‘হিরো’ সাজার জন্য অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। সংবাদের শিরোনাম হতে কেউ কেউ জাতিসংঘের সামনে বিশৃঙ্খলা তৈরি করতে পারে।
এদিকে আওয়ামী লীগের নেতা-কর্মীদের ঠেকাতে বিএনপিও প্রস্তুতি নিচ্ছে। নিউ ইয়র্কে বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে প্রতিদিন তারা সভা-সমাবেশ করছে। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীকেও আওয়ামী লীগের ‘উচ্ছৃঙ্খল কর্মসূচির’র কথা জানাচ্ছেন।
বিএনপি ও আওয়ামী লীগ, দুই পক্ষই ২৪ সেপ্টেম্বর জাতিসংঘের সামনে কর্মসূচি পালনে পুলিশের অনুমতি নিয়েছে। প্রবাসীদের অনেকেই আশঙ্কা করছেন, দুই পক্ষের সংঘাতের কারণে সেদিন সংঘাত ঘটতে পারে।



