ফ্যাসিস্টের শিকড় সমূলে উৎপাটন করতে হবে

গ্রাফিকস: আগামীর সময়
‘কার্যক্রম নিষিদ্ধ’ আওয়ামী লীগকে ‘গণতন্ত্র ও মানুষ হত্যাকারী’ পরাজিত শক্তি হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল শুক্রবার শিল্পকলা একাডেমিতে চিত্রপ্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে রিজভী এসব কথা বলেছেন।
আওয়ামী লীগের আবার ফিরে আসার শঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন, ‘আমরা ফ্যাসিস্টকে পরাজিত করতে পেরেছি, কিন্তু তাদের শিকড় রয়ে গেছে। সেই শিকড়কে সমূলে উৎপাটন করতে হবে। অন্যথায় আমরা আবারও গণতন্ত্র হারিয়ে ফেলব, দেশের মানুষ আবারও গুম-খুন-নিপীড়নের শিকার হবে।’
রিজভী আরও বলেছেন, ডিএনএ ও জেনেটিক্যালি আওয়ামী লীগ গণতন্ত্র হত্যাকারী ফ্যাসিস্ট চরিত্রের অধিকারী। জিয়াউর রহমানের উদারতায় আওয়ামী লীগের নামে তারা আবারও আত্মপ্রকাশ করার সুযোগ পায়। কিন্তু এ উপলব্ধিটা তাদের কখনো হয়নি। ফ্যাসিস্ট ও ফ্যাসিবাদকে সমূলে উৎপাটন করতে হলে দেশে একটি বিশাল শক্তিশালী কর্মীবাহিনীর প্রয়োজন।
চিত্রকলা ও চিত্রশিল্পীদের নিয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ‘লবেলিয়া’ আয়োজিত সাত দিনব্যাপী এই চিত্রপ্রদর্শনীর উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম।




