নুসরাতের বাড়িতে আগুন
দোষীদের শাস্তি দিতে না পারলে সরকারকে খেসরাত দিতে হবে: জামায়াত আমির

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। ছবি: ফেসবুক থেকে নেওয়া
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির বাড়িতে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
আজ বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক স্ট্যাটাসে জামায়াত আমির এ নিন্দা জানান।
জামায়াত আমির লিখেছেন, ‘গতকাল বুধবার রাত ১২টার পর এনসিপির জাতীয় নারী শক্তির সদস্যসচিব, এনসিপির যুগ্ম আহ্বায়ক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম জ্যোতির কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাগোয়ান গ্রামের বাড়িতে পেট্রলবোমা হামলা ও অগ্নিসংযোগের নিন্দা জানাই।’
এ হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে জামায়াতের শীর্ষ এ নেতা বললেন, অবশ্যই দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে।
অন্যথায় সরকারকে চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলের শীর্ষ এ নেতা। বলেছেন, সরকার এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে এর খেসারত উচ্চ মূল্যে দিতে হবে। নীরব বসে থাকার কোনো সুযোগ নেই।
দেশের বিভিন্ন স্থানে নাশকতার মধ্যে গতকাল নুসরাত তাবাসসুমের বাড়িতে হামলার ঘটনা ঘটে।
নুসরাতের অভিযোগ, পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরানো হয় তার গ্রামের বাড়িতে। এর পেছনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ রয়েছে বলে দাবি করছেন জুলাই অভ্যুত্থানে তার সহযোদ্ধারা।
২০২৪ সালে শেখ হাসিনার সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুসরাত। আন্দোলনকারী তরুণদের উদ্যোগে গঠিত দল এনসিপির যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পালন করছেন তিনি। ত্রয়োদশ সংসদে এনসিপির মনোনয়নে সংরক্ষিত নারী আসনের সদস্য করা হয় তাকে।




