কুয়েতে স্কুল শিক্ষার্থীদের কাছে ই-সিগারেট বিক্রি, ৫ বাংলাদেশি গ্রেপ্তার

সংগৃহীত ছবি
কুয়েতের সাদ আল-আবদুল্লাহ এলাকায় আবাসিক বাড়ির ভেতর অবৈধভাবে মুদি দোকান চালানো এবং স্কুল শিক্ষার্থীদের কাছে ই-সিগারেট ও তামাকজাত পণ্য বিক্রির অভিযোগে ৫ জন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে দেশটির অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, একটি স্কুলের কাছাকাছি অবস্থিত ওই বাড়ির সামনে থেকে ই-সিগারেট ডেলিভারি ও পিকআপ পদ্ধতির মাধ্যমে কিশোর ও শিক্ষার্থীদের কাছে তা সরবরাহ করা হতো। শিক্ষার্থীদের কাছে অবৈধভাবে ই-সিগারেট বিক্রির তথ্য পাওয়ার পর থেকে সিআইডি ওই স্থানে নজরদারি শুরু করে। নজরদারির একপর্যায়ে প্রথম আসামিকে ঘরের বাইরে এক ছাত্রের কাছে সরাসরি ই-সিগারেট বিক্রি করার সময় গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে ওই ঘরে তল্লাশি চালিয়ে চক্রের বাকি ৪ সদস্যকে আটক করা হয়।
অভিযানে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অবৈধ মালামাল ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত দ্রব্যের মধ্যে রয়েছে ১৩টি বড় বক্স ও ২৩টি ছোট বক্স ভর্তি ই-সিগারেট, ২১৯টি তামাকের ছোট প্যাকেট এবং পণ্য বিক্রির মাধ্যমে অর্জিত ১ হাজার ৭২২ কুয়েতি দিনার।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেপ্তার ৫ বাংলাদেশি। তারা জানিয়েছেন, দায়িত্ব ভাগ করে তারা এই অবৈধ দোকানটি পরিচালনা করতেন। তাদের দায়িত্বের মধ্যে ছিল, ফোন বা অর্ডারের মাধ্যমে পণ্য প্রস্তুত করা, টাকা সংগ্রহ করা এবং শিক্ষার্থীদের কাছে ডেলিভারি দেওয়া।
গ্রেপ্তারকৃত আসামি ও জব্দকৃত মালামাল পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নাবালকদের স্বাস্থ্য ও নিরাপত্তা রক্ষায় এই ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।



