লন্ডনে নাহিদের অনুষ্ঠানে হামলা, অভিবাসননীতি নিয়ে ব্রিটিশ রাজনীতিকদের প্রশ্ন
- হামলাকারীদের বহিষ্কারের হুঁশিয়ারি রুপার্ট লোর
- অভিবাসননীতিকে দায়ী করলেন জিয়া ইউসুফ
- তদন্ত ও কঠোর ব্যবস্থা চান লেবার-রিফর্ম ইউকের এমপিরা

ভিডিও থেকে নেওয়া
লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংবর্ধনা অনুষ্ঠান শেষে নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় সরব হয়েছেন ব্রিটিশ রাজনীতিকেরা। এ ঘটনায় জড়িত বাংলাদেশিদের বহিষ্কারের হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ এমপি রুপার্ট লো। অন্যদিকে রিফর্ম ইউকের নেতা জিয়া ইউসুফ হামলার জন্য দায়ী করেছেন ব্রিটেনের অভিবাসননীতিকে। ঘটনার নিন্দা জানিয়ে তদন্ত ও দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষমতাসীন লেবার পার্টির এমপিসহ বিভিন্ন দলের রাজনীতিকেরা।
সোমবার (১৬ নভেম্বর) স্থানীয় সময় রাত ১০টার দিকে পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথে মেফেয়ার ভেন্যুর সামনে ঘটে এ ঘটনা। এনসিপির আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ওপর হামলার অভিযোগ ওঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠন যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। আয়োজকদের দাবি, হামলাকারীরা লাঠিসোঁটা, ডিম ও বোতল নিয়ে তাদের ওপর চড়াও হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে কয়েকজনকে লাঠি দিয়ে মারধর করতে দেখা যায়। আশপাশের গলিতেও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের দাবি, অনুষ্ঠানের আগে থেকেই প্রবেশপথে বিক্ষোভ চলছিল। এ সময় কয়েকজন অতিথির দিকে বোতলও ছোড়া হয়। পরে হাসপাতালে গিয়ে আহত ব্যক্তিদের সঙ্গে দেখা করেন নাহিদ ।
মেট্রোপলিটন পুলিশের হিসাবে, বিক্ষোভে প্রায় ৫০ জন অংশ নেন। লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস ঘটনাস্থলে ছয়জনকে চিকিৎসা দেয়। তাদের একজনকে হাসপাতালে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তিনজন হাসপাতালে গেছেন। তবে কারও আঘাত প্রাণঘাতী নয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, এ ঘটনায় আহত হয়েছেন প্রায় ১০ জন। মঙ্গলবার পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
হামলাকারীদের বহিষ্কারের হুঁশিয়ারি
এ ঘটনায় গ্রেট ইয়ারমাউথের এমপি ও রিস্টোর ব্রিটেনের নেতা রুপার্ট লো মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, বাংলাদেশের এনসিপি ও আওয়ামী লীগের বিরোধ নিয়ে ব্রিটেনের রাস্তায় বাংলাদেশিদের মারামারিতে তার কোনো আগ্রহ নেই। রিস্টোর ব্রিটেন সরকার গঠন করলে এ ঘটনায় জড়িত বাংলাদেশি অভিবাসীদের বহিষ্কার করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
রিফর্ম ইউকের স্বরাষ্ট্রবিষয়ক মুখপাত্র জিয়া ইউসুফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, বাংলাদেশের রাজনৈতিক বিরোধের জেরে পূর্ব লন্ডনের রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। তার মতে, কনজারভেটিভ ও লেবার পার্টির ‘অবাধ গণ-অভিবাসননীতি’র ফল ভোগ করছেন ব্রিটিশ নাগরিকেরা। সংবাদমাধ্যমেও তিনি প্রশ্ন তুলেছেন, ব্রিটিশরা বাংলাদেশে গিয়ে নিজেদের রাজনৈতিক বিরোধের জেরে এমন সহিংসতা করেন কি না।
তদন্ত ও কঠোর ব্যবস্থা চান ব্রিটিশ এমপিরা
ক্ষমতাসীন লেবার পার্টির এমপি জাস আথওয়াল ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, পুলিশি টহল বৃদ্ধি এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। রমফোর্ডের রিফর্ম ইউকের এমপি অ্যান্ড্রু রোজিন্ডেল বলেছেন, ব্রিটেনের রাস্তায় এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি পুলিশের পদক্ষেপকেও স্বাগত জানিয়েছেন।
জাস আথওয়াল স্থানীয় প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করেছেন। তার ভাষ্য, মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু তা থেকে হামলার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
হামলার নিন্দা জানিয়েছেন হ্যাভারিং কাউন্সিলের নেতা কিথ প্রিন্সও। পাশাপাশি ঘটনাস্থল নিয়ে ছড়িয়ে পড়া ভুল তথ্য সংশোধনের আহ্বান জানিয়েছেন তিনি। তার বক্তব্য, ঘটনাটি রমফোর্ডের হ্যাভারিং এলাকায় নয়, চ্যাডওয়েল হিথে ঘটেছে। ভুল তথ্য বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বাড়াতে পারে।
গ্রিন পার্টির কাউন্সিলর ও সাবেক মেয়র মঈন কাদরিও শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার স্বীকার করে সহিংসতার বিরোধিতা করেছেন। এদিকে অভিনেতা জন ক্লিজের নামেও তদন্তের আহ্বান প্রচারিত হয়েছে। তবে বিষয়টি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
প্রবাসীদের নিরাপত্তা ও ভাবমূর্তি নিয়ে উদ্বেগ
লন্ডন বাংলা প্রেসক্লাবের সভাপতি ও আইনজীবী তারেক চৌধুরী আশঙ্কা প্রকাশ করে বলেছেন, বিদেশের রাস্তায় বাংলাদেশের রাজনৈতিক বিরোধের এমন বহিঃপ্রকাশ প্রবাসী বাংলাদেশিদের ভাবমূর্তি ক্ষুণ্ন করবে। স্থানীয় বাসিন্দা সৈয়দা গুলশান আরা জানান, হামলা ও সংঘর্ষের ঘটনায় আশপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। একই সঙ্গে ব্রিটিশ কর্তৃপক্ষকে ঘটনার তদন্ত করে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার অনুরোধ জানিয়েছে। আহত প্রবাসী ও শিক্ষার্থীদের জন্য বিচার দাবি করেছেন নাহিদ ইসলামও। তবে হামলায় জড়িত ব্যক্তিদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি ব্রিটিশ পুলিশ।





