নিউ ইয়র্কে বাংলাদেশি সাইফকে বহিস্কারের উদ্যোগ ইমিগ্রেশন পুলিশের

সাইফ জুনাব আলী
নিউ ইয়র্কের বাফেলোয় কেনসিংটন এক্সপ্রেসওয়েতে প্রাণঘাতী দুর্ঘটনায় ৩০ বছর বয়সী ডিজে ও সংগীত প্রযোজক জনলুক জুবার্টের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চার তরুণের একজনকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক সংস্থা (আইস পুলিশ)। গ্রেপ্তার হওয়া ২১ বছর বয়সী সাইফ জুনাব আলী বাংলাদেশি নাগরিক বলে জানিয়েছে আইস। তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিস্কারের প্রক্রিয়া শুরু করেছে আইস পুলিশ।
গত মঙ্গলবার সাইফ জুনাব আলীকে গ্রেপ্তার করা হয়। এর কয়েক দিন আগেই গত মার্চে ঘটে যাওয়া ওই দুর্ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার অনিচ্ছাকৃত হত্যার অভিযোগ আনা হয়েছিল। মামলায় অভিযুক্ত ৩ জন জামিনে ছিলেন।
গত ১৯ মার্চ রাত প্রায় ১১টা ৪০ মিনিটে বাফেলোর কেনসিংটন এক্সপ্রেসওয়েতে লোকাস্ট স্ট্রিটের কাছে এই প্রাণঘাতী দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ অনুযায়ী, জনলুক জুবার্টের গাড়িটি পেছন থেকে অন্য একটি গাড়ির ধাক্কায় দুর্ঘটনার শিকার হয়।
এরি কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, দুর্ঘটনার প্রায় এক ঘণ্টা আগে অভিযুক্তদের একটি দল রাস্তায় গাড়ি থামিয়ে যান চলাচলে বাধা দিচ্ছিল, বিভিন্ন লেন আটকে রাখছিল, গাড়ি দিয়ে বার্নআউট করছিল এবং আতশবাজি ছুড়ছিল।
এই ঘটনায় চার তরুণের বিরুদ্ধে মামলা করা হয়। তাদের মধ্যে সাইফ জুনাব আলী (২১) শাফি আহমেদ (২৩) এবং আবু সালেহ (২১) বাফেলো ও আশপাশের এলাকার বাসিন্দা। চতুর্থ অভিযুক্ত ১৮ বছর বয়সী এক তরুণ, যে ঘটনার সময় ১৭ বছর বয়সী ছিল। তার নাম প্রকাশ করা হয়নি।
আইস বাফেলো সামাজিক যোগাযোগমাধ্যমে জানায়, সাইফ জুনাব আলী বাংলাদেশি নাগরিক। বর্তমানে তিনি আইসের হেফাজতে রয়েছেন এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রক্রিয়ার অপেক্ষায় রয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম নিউজ ৪ ডব্লিউআইভিবি জানিয়েছে, মঙ্গলবার ২৪ নভেম্বর সাইফকে গ্রেপ্তার করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইস পুলিশ )।
গত ১৯ মার্চ বাফেলোর কেনসিংটন এক্সপ্রেসওয়েতে ওই সংঘর্ষে ৩০ বছর বয়সী জুবার্ট মারা যান। এরি কাউন্টির জেলা অ্যাটর্নির দপ্তর জানায়, সোমবার ২৩ নভেম্বর সাইফসহ চারজনকে আদালতে হাজির করা হয়। চারজনের বিরুদ্ধেই সেকেন্ড— ডিগ্রি ম্যানস্লটারের অভিযোগ গঠন করা হয়েছে। সাইফসহ তিনজনের বিরুদ্ধে প্রাণঘাতী সংঘর্ষের পর ঘটনাস্থল ছেড়ে যাওয়ার অভিযোগও রয়েছে। আদালতে হাজিরার ১ দিন পরই আইস পুলিশ সাইফকে আটক করে ডিপোর্টের প্রক্রিয়া শুরু করেছে।



