পর্তুগালে ৫ দিন ধরে বাংলাদেশি কিশোরী নিখোঁজ

নিখোঁজ কিশোরী তাহরিম
পর্তুগালে ৫ দিন ধরে নিখোঁজ বাংলাদেশি কিশোরী তাহরিম। গত ১০ জুলাই বিকাল আনুমানিক ৪টার দিকে বেজা জেলার ভিলা নোভা দে মিলফন্তেসে তাদের বাসার পাশেই অন্য শিশুদের সঙ্গে খেলছিল তাহরিম। কিছুক্ষণ পর তাকে আর খুঁজে পাওয়া যায়নি।
নিখোঁজ তাহরিমের বাবা জানান, পর্তুগালের ন্যাশনাল রিপাবলিকান গার্ডকে নিখোঁজের পর জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ দূতাবাসেও লিখিত দেওয়া হয়েছে। কিন্তু ৫ দিন পার হলেও এখনো তার খোঁজ মেলেনি।
নিখোঁজ কিশোরীকে উদ্ধারে পর্তুগালের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশ দূতাবাস সমন্বিতভাবে কাজ করছে। বিভিন্ন তথ্য-উপাত্ত যাচাই করে অনুসন্ধান অব্যাহত রয়েছে।
কিশোরীর বাবা বললেন, কেউ যদি তার মেয়ে সম্পর্কে কোনো তথ্য জানেন বা কোথাও দেখে থাকেন, তাহলে যেন জিএনআর বা পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। যোগাযোগ- ৩৫১৯২০৭৩৯৮৭২। মেয়েকে দ্রুত খুঁজে পেতে প্রবাসী ভাই-বোন ও শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক সহযোগিতা চেয়েছেন তিনি।




