লিবিয়া থেকে ফিরলেন ১৭৪ বাংলাদেশি

ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। ছবি: আগামীর সময়
লিবিয়া থেকে স্বেচ্ছায় দেশে ফিরেছেন ১৭৪ বাংলাদেশি। আজ মঙ্গলবার সকাল ৫টা ৪০ মিনিটে দেশটির রাজধানী ত্রিপোলি থেকে বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা বাংলাদেশে পৌঁছান।
পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় তাদের ফিরিয়ে আনা হয়।
ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকে সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।
বিমানবন্দরে ফিরে আসা বাংলাদেশিদের অভ্যর্থনা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং আইওএমের কর্মকর্তারা।
এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার অনুরোধ জানানো হয়। এর মাধ্যমে অবৈধ পথে বিদেশযাত্রার ঝুঁকি সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
দেশে ফেরা প্রত্যেক বাংলাদেশিকে যাতায়াতের খরচ, কিছু খাদ্যসামগ্রী ও প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেছে আইওএম। প্রয়োজনে অস্থায়ী আবাসনের ব্যবস্থাও রাখা হয়েছে।
লিবিয়ার বিভিন্ন আটককেন্দ্রে থাকা বাংলাদেশিদের নিরাপদে দেশে ফিরিয়ে আনতে পররাষ্ট্র মন্ত্রণালয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আইওএম যৌথভাবে কাজ করছে।



