বর্জ্যকে সম্পদে রূপান্তরের আহ্বান জুবাইদা রহমানের

প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। ছবি: সংগৃহীত
বর্জ্যকে সম্পদে, দূষণকে সমাধানে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তরের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। তিনি বলেছেন, বর্জ্যকে কোনো কাজে না লাগিয়ে নষ্ট হতে দেওয়া উচিত নয়। বরং একে সম্পদ, শক্তির উৎস ও প্রবৃদ্ধির সুযোগে পরিণত করতে হবে।
বুধবার বিকেলে তুরস্কের আনতালিয়ায় জলবায়ু সম্মেলন কেন্দ্রের ‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’ শীর্ষক রাষ্ট্র ও সরকারপ্রধানদের সহধর্মিণীদের উচ্চপর্যায়ের বৈঠকে তিনি এসব কথা বলেন।
জুবাইদা রহমান বলেন, ‘বর্জ্যকে কোনো ব্যবহার ছাড়াই নষ্ট হতে দেওয়া উচিত নয়। বরং একে একটি সম্পদে, শক্তির উৎসে এবং প্রবৃদ্ধির সুযোগে পরিণত হওয়া উচিত। আসুন, আমরা বর্জ্যকে সম্পদে, দূষণকে সমাধানে এবং প্রতিশ্রুতিকে কার্যকর পদক্ষেপে রূপান্তরিত করি। বাংলাদেশ বিশ্বব্যাপী সহযোগিতা আরও সুদৃঢ় করতে এবং আমাদের সম্মিলিত প্রতিশ্রুতিগুলো বাস্তবায়িত করতে পুরোপুরি প্রস্তুত।’
তিনি বলেন, একক প্রচেষ্টায় ‘জিরো ওয়েস্ট’ লক্ষ্য অর্জন সম্ভব নয়। এ জন্য প্রয়োজন সাশ্রয়ী জলবায়ু অর্থায়ন, প্রযুক্তি হস্তান্তর ও সক্ষমতা বৃদ্ধি। পাশাপাশি বেসরকারি খাতের জোরালো অংশগ্রহণ এবং অপ্রাতিষ্ঠানিক বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীদের যথাযথ সুরক্ষা নিশ্চিত করতে হবে।
তরুণ প্রজন্মকে এই উদ্যোগের সঙ্গে যুক্ত করার ওপরও গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী। তিনি বলেন, ‘আমাদের তরুণ প্রজন্মকে এই আন্দোলনের অন্তর্ভুক্ত করতে হবে। পরিবেশগত সচেতনতা গড়ে তোলার কাজ শুরু হতে হবে আমাদের ঘরবাড়ি, বিদ্যালয় ও সমাজ থেকে। আমাদের তরুণরা শুধু আগামী দিনের নেতাই নয়, আজকের দিনের সমস্যা সমাধানেরও অংশীদার।’
বর্জ্যমুক্ত কর্মসূচি এগিয়ে নিতে তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের নেতৃত্বের প্রশংসা করে জুবাইদা রহমান বলেন, ‘তার এই নেতৃত্ব সত্যিই অনুপ্রেরণাদায়ক।’
‘গ্লোবাল জিরো ওয়েস্ট অ্যালায়েন্স’ উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি বলেন, ‘এই কর্মসূচিকে বাংলাদেশ সমর্থন করে। এটি একটি পরিচ্ছন্ন পরিবেশ, স্বাস্থ্যকর জনগোষ্ঠী এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তোলার বিষয়ে বাংলাদেশ সরকারের যে লক্ষ্য, তার সঙ্গে পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ।’
বাংলাদেশ সরকারের বর্জ্য ব্যবস্থাপনা কৌশল তুলে ধরে জুবাইদা রহমান বলেন, সরকারের ‘থ্রি-আর’ কৌশলে বর্জ্য কমানো, পুনর্ব্যবহার ও পুনঃপ্রক্রিয়াজাতকরণকে উৎসাহিত করা হচ্ছে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালায় বর্জ্য পৃথকীকরণ ও নিরাপদ অপসারণের বিষয়টিও জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি ৩.০) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে বর্জ্য খাত থেকে ১ দশমিক ৭৮ মিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইড সমতুল্য নির্গমন কমানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
বর্জ্য ব্যবস্থাপনায় সরকারের বিভিন্ন অগ্রাধিকারের কথা তুলে ধরে তিনি বলেন, পুনঃপ্রক্রিয়াজাতকরণ, কম্পোস্ট তৈরি, ময়লার ভাগাড় থেকে গ্যাস আহরণ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন, বর্জ্য পানির উন্নত শোধন এবং চিকিৎসা ও স্বাস্থ্যসেবা খাতের বর্জ্যের নিরাপদ ও টেকসই ব্যবস্থাপনায় গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মাধ্যমে বর্জ্য যথাযথভাবে পৃথকীকরণ, প্রক্রিয়াজাতকরণ ও পরিবেশসম্মতভাবে অপসারণ নিশ্চিত করা হবে।
ঢাকায় ওয়েস্ট-টু-এনার্জি প্রকল্প
ঢাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের একটি বড় প্রকল্প গড়ে তোলা হচ্ছে জানিয়ে জুবাইদা রহমান বলেন, ‘ঢাকায় একটি বৃহৎ ওয়েস্ট-টু-এনার্জি বা বর্জ্য থেকে বিদ্যুৎ তৈরির প্রকল্প গড়ে তোলা হচ্ছে। এই প্রকল্পে প্রতিদিন ৩ হাজার টন গৃহস্থালি বর্জ্য প্রক্রিয়াজাত করে ৪২ দশমিক ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। আমরা বাংলাদেশের অন্যান্য বড় শহরেও এ ধরনের প্রকল্পের বিস্তার ঘটাতে চাই।’
তিনি বলেন, ‘বাংলাদেশ সরকারের লক্ষ্য খুব সহজ: শহরের বর্জ্যকে পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তর করা এবং পরিবেশ রক্ষা করা। এ ছাড়া প্লাস্টিক দূষণ কমাতে আমরা আমাদের লেক, খাল, পুকুর ও জলাশয়গুলো পরিচ্ছন্ন করার কাজও চালিয়ে যাচ্ছি।’
প্লাস্টিকের বিকল্প হিসেবে পাটজাত পণ্যের ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে জুবাইদা রহমান বলেন, ‘প্লাস্টিকের একটি প্রাকৃতিক বিকল্প বাংলাদেশের কাছে রয়েছে, তা হলো আমাদের সোনালি আঁশ, পাট। প্লাস্টিকের পরিবর্তে আমরা পাটজাত পণ্যের ব্যবহার বাড়াতে কাজ করছি।’
এ সময় গ্রিন জোনে অবস্থিত বাংলাদেশ প্যাভিলিয়ন পরিদর্শনের জন্য বিশ্বনেতাদের সহধর্মিণীদের আমন্ত্রণ জানান তিনি।
‘গ্লোবাল মিথেন প্লেজ’-এর স্বাক্ষরকারী দেশ হিসেবে বাংলাদেশ মিথেন নির্গমন কমাতে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে জুবাইদা রহমান বলেন, ‘আমরা জলবায়ুবান্ধব কৃষি ও উন্নত ধান চাষ পদ্ধতিকে উৎসাহিত করছি। এ ছাড়া জৈব বর্জ্যকে জৈব সার ও পরিচ্ছন্ন শক্তিতে রূপান্তরিত করছি।’




