শিক্ষা ও কারিগরি খাতে সহযোগিতা বাড়াতে চায় কানাডা

বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সঙ্গে বৈঠক করেন কানাডার রাষ্ট্রদূত
বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়ন, কারিগরি শিক্ষার প্রসার এবং দক্ষ মানবসম্পদ তৈরিতে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারের আগ্রহ প্রকাশ করেছে কানাডা।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলনের সঙ্গে বৈঠককালে এ আগ্রহের কথা জানায় কানাডার একটি প্রতিনিধিদল। এতে নেতৃত্ব দেন বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার অজিত সিং।
বৈঠকে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করে উভয় পক্ষ। তবে গুরুত্ব পায় দুই দেশের শিক্ষা খাতের যুগোপযোগী উন্নয়ন, দক্ষ জনশক্তি তৈরি, আধুনিক কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার।
বৈঠকে ‘ক্রস-বর্ডার অ্যাডুকেশন’ (সীমান্ত পেরিয়ে আন্তর্জাতিক শিক্ষা বিনিময়), তৃতীয় ভাষা শিক্ষা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো উদীয়মান প্রযুক্তির গুরুত্ব তুলে ধরেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এসব ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের ভবিষ্যৎ পরিকল্পনা ও সরকারের নানা উদ্যোগ কানাডীয় প্রতিনিধিদলের সামনে বিস্তারিতভাবে তুলে ধরেন তিনি।



