দয়া করে সরকারকে কাজ করতে দিন: মির্জা আব্বাস

সংগৃহীত ছবি
বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দেশের মধ্যে কোনো সমস্যা বা অরাজকতা তৈরি করা উচিত নয়। দীর্ঘ সময় পর দেশে গণতান্ত্রিকভাবে একটি সরকার এসেছে। সেই সরকারকে কাজ করার সুযোগ দিন।
রবিবার (৮ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কাকরাইল ইসস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেছেন, এক শ্রেণির ছেলেপেলের মুখ দিয়ে কথা বের হচ্ছে বাসার ইট খুলে নিয়ে আসবে।
‘এগুলো তো রাজমিস্ত্রি বা শ্রমিকের কাজ। ইট খোলার জন্য আমাদের কোনো শ্রমিকের প্রয়োজন নেই, আমাদের নিজেদেরই শ্রমিক রয়েছে। আপনারা ইট খুলতে যাবেন না, এতে হাত-পা ভেঙে যেতে পারে’, যোগ করেন তিনি।
সংশ্লিষ্টদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলছিলেন, যারা সরকার পতনের জন্য বিভিন্নভাবে উসকানি দিচ্ছেন, তাদের এখন ধৈর্য ধরতে হবে এবং দেশের স্থিতিশীলতার কথা ভাবতে হবে।
‘এরপর আগামী নির্বাচনে জনগণ সিদ্ধান্ত নেবে, এই সরকারকে রাখা যায় কিনা। এখন নয়, নির্বাচনের সময়ই সে সিদ্ধান্ত নেওয়া উচিত।’
সরকারের সমালোচনা প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেছেন, বিগত সরকারের ব্যর্থতা বা দোষ বর্তমান সরকারের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা ঠিক নয়।
‘বাংলাদেশকে নতুনভাবে জাগিয়ে তোলার চেষ্টা করছে বিএনপি’, গত ১৮ মাসের সরকার এবং গত ১৮ বছরের শাসনের দায় বিএনপির ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টারও সমালোচনা করেন তিনি।




