রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থী মারধরের ঘটনায় আনসারের সম্পৃক্ততা নেই

সংগৃহীত ছবি
রাজশাহী রেলওয়ে স্টেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসার সদস্যদের কোনো সম্পৃক্ততা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী।
আজ সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাহিনীটি জানায়, সম্প্রতি প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার যে তথ্য এসেছে, তা সঠিক নয়। প্রকৃতপক্ষে, রোববার রাত আনুমানিক ১১টার দিকে ওই শিক্ষার্থীর সঙ্গে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সদস্যদের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ ও বিভিন্ন স্লোগান দেন। এ সময় রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যদের রাত্রিকালীন পোশাক আনসার সদস্যদের পোশাকের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হওয়ায় কিছু শিক্ষার্থী ভুলবশত তাদের আনসার সদস্য হিসেবে উল্লেখ করে স্লোগান দেন।
পরে শিক্ষার্থীরা জানতে পারেন, সংশ্লিষ্ট ব্যক্তিরা আরএনবির সদস্য, আনসার সদস্য নন। একই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের দপ্তরাদেশ অনুযায়ী আরএনবির চার সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বলেছে, প্রকৃত তথ্য যাচাই না করে আনসার সদস্যদের ঘটনায় সম্পৃক্ত হিসেবে উপস্থাপন করা বিভ্রান্তিকর। এতে বাহিনীর ভাবমূর্তি অযাচিতভাবে ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমসহ সবাইকে তথ্য যাচাই করে সংবাদ প্রকাশের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি প্রকাশিত প্রতিবেদনে আনসার সদস্যদের সম্পৃক্ততার বিষয়ে প্রয়োজনীয় সংশোধনী প্রকাশের আহ্বান জানিয়েছে বাহিনীটি।



