সিলেটে বজ্রবৃষ্টি, সারাদেশে তাপমাত্রা বাড়ার আভাস

প্রতীকী ছবি
আগামী তিন দিন দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সিলেটের দু-এক জায়গায়। সারাদেশের তাপমাত্রা বৃদ্ধি অব্যাহত থাকতে পারে এই সময়ে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।
পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া থাকতে পারে প্রধানত শুষ্ক। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা বেড়ে যেতে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস।
রবিবারও সারাদেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি বেড়ে যেতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে। এদিন ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
সোমবার ও মঙ্গলবার ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া আংশিক মেঘলা আকাশসহ দেশের অন্যত্র আবহাওয়া থাকতে পারে প্রধানত শুষ্ক। সোমবার কিছুটা বাড়লেও মঙ্গলবার কমে যেতে পারে সারাদেশের তাপমাত্রা।
শুক্রবার দেশের সর্বোচ্চ ৩৪ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা ছিল যশোরে। এ সময় সর্বনিম্ন তাপমাত্রা ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।















