দুপুরের মধ্যে তিন জেলায় হতে পারে ঝড়

প্রতীকী ছবি
দেশের তিনটি জেলার ওপর দিয়ে আজ ৬০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোর জন্য সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া এবং খুলনা অঞ্চলগুলোর ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি বা বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
আজ রাজধানী ঢাকা শহরেও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেইসঙ্গে শহরটির দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে উল্লেখ করা হয়েছে।















