ভারতীয় নৌ একাডেমিতে ‘সেরা আন্তর্জাতিক ক্যাডেট’ বাংলাদেশের ফিজেল রাজা

ভারতীয় নৌ একাডেমিতে ‘সেরা আন্তর্জাতিক ক্যাডেট’ বাংলাদেশের ফিজেল রাজা। ছবি: পিআইবি ইন্ডিয়া
ভারতের কেরালার এজিমালার ইন্ডিয়ান নেভাল একাডেমিতে (ভারতীয় নৌ একাডেমি) ‘অটাম টার্ম ২০২৬’-এর সমাপনী কুচকাওয়াজে (পাসিং আউট প্যারেড) ‘সেরা আন্তর্জাতিক ক্যাডেট’ (বেস্ট ইন্টারন্যাশনাল ক্যাডেট) নির্বাচিত হয়েছেন বাংলাদেশের ক্যাডেট সাব-লেফটেন্যান্ট ফিজেল রাজা।
আজ শনিবার আয়োজিত অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তাকে এই পদক পরিয়ে দেন।
এদিন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু একাডেমির সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। অনুষ্ঠানে তিনি ভারতীয় কোস্ট গার্ড এবং বন্ধুপ্রতিম বিদেশি রাষ্ট্রগুলোর প্রশিক্ষণার্থীসহ সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করা সব ক্যাডেটকে অভিনন্দন জানান।
সমাপনী বক্তব্যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু উল্লেখ করেন, স্নাতক সম্পন্ন করা প্রশিক্ষণার্থীদের মধ্যে অনেক তরুণীকে দেখে তিনি অত্যন্ত আনন্দিত। তাদের এই উপস্থিতি পুরো জাতির জন্য গর্বের বিষয়। দৃঢ় সংকল্প, সাহস ও দক্ষতার যে কোনো সীমানা নেই, তা তারা প্রমাণ করেছে। তাদের এই সাফল্য আরও অনেক তরুণীকে বড় স্বপ্ন দেখতে এবং জাতির সেবায় চ্যালেঞ্জিং দায়িত্ব নিতে অনুপ্রাণিত করবে বলে গুরুত্বারোপ করেন তিনি।
বর্তমান আন্তঃসংযুক্ত বিশ্বে সমুদ্রসীমার গুরুত্ব ক্রমেই বাড়ছে উল্লেখ করে ভারতের রাষ্ট্রপতি বলেছেন, বৈশ্বিক বাণিজ্যের একটি বড় অংশ সমুদ্রপথে পরিচালিত হয়। তাই সমুদ্রপথের নিরাপত্তা বিভিন্ন দেশের অর্থনৈতিক সমৃদ্ধি এবং সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। জাহাজ চলাচলে যেকোনো বিঘ্ন ঘটলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ব্যাহত হতে পারে, ব্যয় বাড়তে পারে এবং শেষ পর্যন্ত সাধারণ নাগরিকদের ওপর অতিরিক্ত চাপ তৈরি হতে পারে।
প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি পরামর্শ দেন, সমুদ্রে তাদের এই সেবা স্থলভাগের মানুষের জীবনের সঙ্গে সরাসরি যুক্ত এবং এটি মানুষের নিরাপত্তা, সমৃদ্ধি ও কল্যাণে সরাসরি ভূমিকা রাখে।
তরুণ ক্যাডেটদের সততা, পেশাগত দক্ষতা, সাহস ও সহমর্মিতাই ভারতীয় নৌবাহিনীর চরিত্র নির্ধারণ করবে মন্তব্য করে দ্রৌপদী মুর্মু তুলে ধরেন, সমুদ্রে তাদের প্রতিকূল আবহাওয়া, দীর্ঘকালীন মোতায়েন এবং অনিশ্চিত পরিস্থিতির মুখোমুখি হতে হবে। প্রায়ই চাপের মধ্যে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। নেতৃত্ব মানে কেবল আদেশ দেওয়া নয়; বরং দায়িত্ব গ্রহণ করা, দৃষ্টান্ত স্থাপন করা এবং সহকর্মীদের পাশে দাঁড়ানো। কঠোর প্রশিক্ষণ, অভিযোজন ক্ষমতা এবং অঙ্গীকার তাদের ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করবে বলে তিনি আস্থা প্রকাশ করেন।
ক্যাডেটদের গায়ে থাকা ইউনিফর্ম ১০০ কোটির বেশি ভারতীয়র আস্থা ও প্রত্যাশা বহন করে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেছেন, প্রতিটি নাগরিক—তিনি যেখানেই বাস করুন বা যা-ই করুন না কেন—সশস্ত্র বাহিনীর দিকে আস্থা ও গর্বের সঙ্গে তাকিয়ে থাকেন। তিনি তরুণ ক্যাডেটদের ভারতীয় নৌবাহিনীর সর্বোচ্চ ঐতিহ্য সমুন্নত রাখার আহ্বান জানান।
তথ্যসূত্র: পিআইবি.গভ.ইন




