জাপানি বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে সহযোগিতা চাইল বাংলাদেশ
- তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রীর বৈঠক

আজ সোমবার টোকিওর ইম্পিরিয়াল হোটেলে দেশটির সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: আগামীর সময়
বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ ও প্রযুক্তি হস্তান্তরে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে জাপানের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন তিনি।
আজ সোমবার জাপানের স্থানীয় সময় বিকাল ৩টায় টোকিওর ইম্পিরিয়াল হোটেলে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রী এসব বিষয়ে আলোচনা করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন জাপানের সাবেক প্রধানমন্ত্রী ও সংগঠনটির সভাপতি তারো আসো।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বৈঠকে দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও জনগণের মধ্যে যোগাযোগ আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) স্বাক্ষরের পরিপ্রেক্ষিতে জাপানি বিনিয়োগ বাড়ানো, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং প্রযুক্তি হস্তান্তরে তারো আসোর সহযোগিতা চান তারেক রহমান।
বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার বাস্তবায়ন ও দক্ষ মানবসম্পদ গড়ে তুলতেও জাপানের অব্যাহত সহযোগিতা প্রত্যাশা করেন তিনি।
তারো আসোর সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী জানালেন, ২০০৬ সালে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে জাপান সফরের সময় তার সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। জাপানের প্রধানমন্ত্রী, উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকাকালে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে তারো আসোর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন তিনি।
বৈঠকে রোহিঙ্গা সংকটও আলোচনায় আসে। মিয়ানমারে রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে জাপানের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।
এ সময় তারো আসো ও জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগের সদস্যদের বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান তারেক রহমান। এ ধরনের সফর দুই দেশের সংসদীয় বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা ও দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করবে বলে আশা প্রকাশ করেন তিনি।
বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনাবিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ, ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
জাপানের পক্ষে তারো আসোর সঙ্গে দেশটির জ্যেষ্ঠ সংসদ সদস্যরা এবং ভূমি, অবকাঠামো, পরিবহন ও পর্যটনবিষয়ক মন্ত্রী তাতসুনৌরি ইবায়াশি উপস্থিত ছিলেন।
এর আগে সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ১০ মিনিটে চার দিনের সফরে টোকিও পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৬ সদস্যের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন তিনি।




