আদ্-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি

সংগৃহীত ছবি
রাজধানীর মগবাজারে আদ্-দ্বীন মেডিক্যাল কলেজ হাসপাতালে ৬ শিশুর মৃত্যুর ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
বুধবার (২৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাসপাতাল বিভাগের যুগ্ম-সচিবের নেতৃত্বে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস ও অতিরিক্ত মহাপরিচালক ডা. জাহিদ। তাদের ভাষ্য, ৬ শিশু মৃত্যুর ঘটনায় সরকারের পক্ষ থেকে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। দোষী ব্যক্তিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, আমরা এই ওয়ার্ড পরিদর্শন করেছি। আজ ভোরে এসির জটিলতা বা অন্য কোনো কারণে হোক, ওয়ার্ডে একটি দমবন্ধ পরিবেশ আমরা পেয়েছি। এসির অবস্থা এমন ছিল যে, এসি বন্ধ করলে সেখানে আর কোনো ভেন্টিলেশনের ব্যবস্থা নেই। এমন পরিস্থিতিতে শিশুরা সেখানে ছিল।
‘সাফোকেটিভ পরিবেশ আমরা পেয়েছি। ৩ দিনের মধ্যে তদন্ত কমিটি রিপোর্ট দেবে। মৃতের সংখ্যা ৬ জন, যদি এর বাইরেও মৃত্যুর সংখ্যা ঘটে থাকে সেটি তদন্তের আওতায় নিয়ে আসা হবে’, যোগ করেন তিনি।
তার ভাষ্য, ‘শিশু ওয়ার্ড থেকে এনআইসিউতে স্থানান্তরের যে অন্তর্বর্তীকালীন ধাপটি রয়েছে, সেখানে দুর্বলতা নজরে এসেছে। ওই সময়ে চিকিৎসকেরা যদি এসে তাৎক্ষণিক সেবা দিতেন, তবে হয়তো পরিস্থিতি আরও ত্বরান্বিত করা যেত। হাসপাতালে ভর্তি থাকা বাকি শিশুদের চিকিৎসায় যেন কোনো ব্যাঘাত না ঘটে, সেদিকেও কর্তৃপক্ষকে নির্দেশ দেয়া হয়েছে।’






