সংসদে জামায়াত এমপি
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ছাড়া সব বিষয়ে দক্ষ স্বরাষ্ট্রমন্ত্রী

রফিকুল ইসলাম খান
স্বরাষ্ট্রমন্ত্রী আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সব মন্ত্রণালয়ে ‘প্রক্সি’ দিলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সফল হননি। দেশে খুন, ধর্ষণ ও মাদকের বিস্তার বেড়েছে, ফলে মানুষের জানমালের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
আজ শনিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেছেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি বাজেট বাস্তবায়নে বাধা হয়ে দাঁড়িয়েছে বলে উল্লেখ করেন রফিকুল ইসলাম খান। এ সময় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে তিনি বলেছেন, খুন হওয়া ৬০৫ জনের মধ্যে ২৮৮ জনই সরকারি দলের। সরকারি দলের লোক খুন করল কারা? খুন হলো কারা? খুনের ঘটনার অর্ধেকই সরকারদলীয়। এর অর্থ হচ্ছে নিজের দলের লোকদের নিজেরাই মেরেছে। যে সরকারের কাছে নিজের দলের লোকের নিরাপত্তা নেই, সেই সরকারের কাছে দেশের মানুষ কী নিরাপত্তা আশা করা যেতে পারে।’
মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ প্রকাশ করে রফিকুল ইসলাম বলেছেন, শুধু মাদক কারবারিদের গ্রেপ্তার করলেই হবে না, মাদকের উৎস ও সরবরাহের পথ বন্ধ করতে হবে। এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব হলেও এ ক্ষেত্রে কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
শেখ হাসিনাসহ পলাতক আসামিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত বিচার সম্পন্ন করার আহ্বান জানান রফিকুল ইসলাম খান। একই সঙ্গে শরিফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও দেশে ফিরিয়ে আনার দাবি করেন তিনি।
গণভোটের রায় অনুযায়ী জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়নের দাবি জানিয়ে রফিকুল ইসলাম বলছিলেন, দেশের মানুষ গণভোটের পক্ষে রায় দিয়েছে। তাই সরকারকে দ্রুত তা কার্যকর করতে হবে।






