জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পুষ্পস্তবক অর্পণ

শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের পুষ্পস্তবক অর্পণ
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উপলক্ষে রাজধানীর শাহবাগে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। আজ বুধবার সকালে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান এবং প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সাংবাদিকদের উদ্দেশে বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের বিজয় অর্জনের পূর্বমুহূর্ত পর্যন্ত দেশে গণহত্যা ও দমন-পীড়ন অব্যাহত ছিল। ছাত্র-জনতা, বিভিন্ন রাজনৈতিক দল এবং সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ অংশগ্রহণের মধ্য দিয়ে সেই দুঃসময়ের অবসান ঘটে এবং দেশের গণতান্ত্রিক অভিযাত্রার নতুন অধ্যায়ের সূচনা হয়।
এ সময় জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং শহীদ পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।
মন্ত্রী বলছিলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ, শহীদ ও আহত যোদ্ধাদের অবদান প্রজন্ম থেকে প্রজন্মে পৌঁছে দেওয়া এবং দেশ-বিদেশে এ ইতিহাস তুলে ধরার লক্ষ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় জুলাই অধিদপ্তর প্রতিষ্ঠা করেছে। এ অধিদপ্তরের উদ্যোগে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের সহযোগিতায় রাজধানীসহ দেশের সকল জেলায় দিনব্যাপী কর্মসূচি পালিত হচ্ছে।
তিনি বলেছেন, বর্তমান সরকার দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়নের নতুন যাত্রা শুরু করেছে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলাই সরকারের অঙ্গীকার।
মন্ত্রী আরও বলে বলেছেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের যে জাতীয় ঐক্য গড়ে উঠেছে, তা অটুট রাখা সময়ের দাবি। জাতীয় স্বার্থ, গণতন্ত্র ও উন্নয়নের স্বার্থে সকল রাজনৈতিক শক্তিকে বিভাজনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।




