জ্বালাও-পোড়াওয়ের মধ্যে ৭ জেলায় নামল ৯৬ প্লাটুন বিজিবি

ফাইল ছবি
সারাদেশে চলছে জ্বালাও-পোড়াও। ঘটছে ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়ার ঘটনা। এসব ঘটনায় ঘটছে হতাহতও। আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে। এরমধ্যে জননিরাপত্তায় ৭ জেলায় মোতায়েন করা হয়েছে ৯৬ প্লাটুন বিজিবি।
আজ বৃহস্পতিবার বিজিবি সদরদপ্তর থেকে পাঠানো বার্তায় এ তথ্য জানানো হয়।
বার্তায় বলা হয়, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর জেলায় সর্বমোট ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।
এতে আরও বলা হয়, ঢাকায় ২৩ প্লাটুন, চট্টগ্রামে ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, গাজীপুরে ১৫ প্লাটুন, গোপালগঞ্জে ২৭ প্লাটুন, ময়মনসিংহে ২ প্লাটুন এবং ফরিদপুরে ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এছাড়া ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।
বার্তায় আরও জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্বের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাসমূহে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছেন বলে জানানো হয় বার্তায়।
পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণে সচেষ্ট থাকার কথাও উল্লেখ করা হয় এতে।



