নিম্নমানের পণ্য উৎপাদনকারী ৪৯ প্রতিষ্ঠানকে বিএসটিআইএর জরিমানা

ফাইল ছবি
নিম্নমানের পণ্য উৎপাদনকারী ৪৯ প্রতিষ্ঠানকে জরিমানা ও শোকজ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। রবিবার শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান এ তথ্য জানান।
এদিন শিল্প মন্ত্রণালয়ের সভাকক্ষে রমজান ঘিরে নিত্যপ্রয়োজনীয় মান নিয়ন্ত্রণে বিএসটিআইয়ের নেওয়া পদক্ষেপ সম্পর্কে সাংবাদিকদের ব্রিফ করেন সচিব।
সচিব বলছিলেন, রমজান ঘিরে বিএসটিআই পরিচালিত বিশেষ নজরদারিতে মোট ১ হাজার ৬টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে ৭৫০টি পরীক্ষা সম্পন্ন হয়েছে, যার মধ্যে ৭০১টি মানসম্মত এবং ৪৯টি নিম্নমানের পণ্য পাওয়া গেছে। নিম্নমানের পণ্য উৎপাদনকারী এসব প্রতিষ্ঠানগুলোকে জরিমানা ও শোকজ করা হয়েছে।
শিল্প সচিব আরও জানালেন, রমজানে ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট, বাজার তদারকি ও নমুনা পরীক্ষার কার্যক্রম জোরদার করা হয়েছে। ঢাকা মহানগরীসহ বিভিন্ন জেলায় প্রতিদিন একাধিক মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এসব অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব ও পুলিশের সহায়তা নেওয়া হচ্ছে। এছাড়া ইফতার ও সেহরিতে ব্যবহৃত খাদ্যপণ্যের ওপর বিশেষ নজরদারি রাখা হচ্ছে। সেইসঙ্গে খোলা বাজার ও উৎপাদনস্থল থেকে নমুনা সংগ্রহ করে বিএসটিআই’র ল্যাবে পরীক্ষা করা হচ্ছে।
শিল্প সচিব আরো বললেন, অনলাইনে নকল ও অবৈধ পণ্য বিক্রয় বন্ধে নজরদারি বাড়ানো হয়েছে। ইতোমধ্যে একাধিক অনলাইন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।




