বাংলাদেশে মেটার কার্যালয় চায় সরকার

মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম
বাংলাদেশে কার্যালয় খুলতে মেটাকে আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
নিউইয়র্কে অনুষ্ঠিত জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের ফাঁকে বুধবার (২৩ সেপ্টেম্বর) মেটার চিফ গ্লোবাল অ্যাফেয়ার্স অফিসার জোয়েল কাপলানের সঙ্গে বৈঠককালে এ আহ্বান জানান তিনি।
বৈঠকে অনলাইনে অপব্যবহার ও ডিজিটাল হয়রানি প্রতিরোধের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন প্রতিমন্ত্রী। একইসঙ্গে বাংলাদেশে প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন নিয়েও আলোচনা করেন তিনি।
বাংলাদেশে মেটার বিপুলসংখ্যক ব্যবহারকারী থাকার বিষয়টি বৈঠকে উল্লেখ করেন প্রতিমন্ত্রী। এ সময় বাংলাদেশের সঙ্গে মেটার সম্পর্ক এবং ডিজিটাল প্ল্যাটফর্ম-সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
এছাড়া বাংলাদেশের ডিজিটাল অর্থনীতি ও ই-কমার্স ইকোসিস্টেম শক্তিশালী করার সুযোগ নিয়েও আলোচনা করা হয় বৈঠকে। বিশেষ করে কীভাবে মেটার প্ল্যাটফর্ম ও প্রযুক্তি বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য, উদ্যোক্তা, এসএমই এবং ডিজিটাল বাণিজ্যকে সহায়তা করতে পারে, তা নিয়ে আলোকপাত করা হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদ, জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান এবং উপ-স্থায়ী প্রতিনিধি এ.কে.এম. ওয়াহিদুজ্জামান।



