ঢাকায় চিকিৎসকদের নিয়ে আন্তর্জাতিক সিএমই আয়োজন অ্যাপোলোর

সংগৃহীত ছবি
ক্যানসার চিকিৎসার সর্বশেষ অগ্রগতি ও আধুনিক চিকিৎসাপদ্ধতি নিয়ে জ্ঞান বিনিময়ের লক্ষ্যে ঢাকার ধানমন্ডিতে চিকিৎসকদের জন্য আন্তর্জাতিক কন্টিনিউয়িং মেডিকেল এডুকেশন (সিএমই) প্রোগ্রাম আয়োজন করেছে ভারতের চেন্নাইয়ের টেইনামপেটের অ্যাপোলো হাসপাতাল ও অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডি। এতে বাংলাদেশের প্রায় ১০০ জন মেডিকেল শিক্ষার্থী, স্নাতকোত্তর পর্যায়ের চিকিৎসক ও বিশেষজ্ঞ চিকিৎসক অংশ নেন।
গতকাল রবিবার অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে স্তন ক্যানসারসহ বিভিন্ন ধরনের ক্যানসারের আধুনিক চিকিৎসা, ইমিউনোথেরাপি ও টার্গেটেড থেরাপির অগ্রগতি নিয়ে আলোচনা হয়। অক্টোবরজুড়ে স্তন ক্যানসার সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে র্যালি ও কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠানে দুটি বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। এর মধ্যে ছিল স্তন, ফুসফুস ও কোলোরেক্টাল ক্যানসারের চিকিৎসায় ইমিউনোথেরাপি ও টার্গেটেড থেরাপির ক্রমবিকাশ এবং স্তন ক্যানসার ব্যবস্থাপনার পরিবর্তনশীল চিকিৎসাপদ্ধতি।
আলোচনায় মূল বক্তব্য উপস্থাপন করেন চেন্নাইয়ের টেইনামপেটের অ্যাপোলো হাসপাতালের মেডিকেল অনকোলজিস্ট ডা. নিরঞ্জন বিজয়ারাঘবন এবং গ্যাস্ট্রোএন্টারোলজি, গাইনি ও ব্রেস্ট অনকোলজির বিশেষজ্ঞ ডা. ঊষা গৌতম মেহতা। অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির পক্ষে বক্তব্য দেন অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জন ডা. আলি নাফিসা।
আয়োজকদের ভাষ্য, এ ধরনের আন্তর্জাতিক বৈজ্ঞানিক আলোচনা চিকিৎসকদের সর্বশেষ চিকিৎসাজ্ঞান সম্পর্কে ধারণা অর্জন এবং অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে। একই সঙ্গে বাংলাদেশের চিকিৎসাসেবার মানোন্নয়নে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে স্থানীয় চিকিৎসকদের পেশাগত যোগাযোগ আরও জোরদার করে।
অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডি পরিচালিত হচ্ছে জেএমআই স্পেশালাইজড হসপিটাল পিএলসি-এর লাইসেন্সের অধীনে। প্রতিষ্ঠানটি আন্তর্জাতিক মানের বিশেষায়িত চিকিৎসাসেবা দেশে সহজলভ্য করার লক্ষ্যে কাজ করছে। এর সেবার মধ্যে রয়েছে ২৪ ঘণ্টার জরুরি চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ, আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ ও পিআইসিইউ, ডায়ালাইসিস, আধুনিক অপারেশন থিয়েটার, রেডিওলজি ও ইমেজিং, বিভিন্ন বিশেষায়িত চিকিৎসাকেন্দ্র এবং টিকাদান কার্যক্রম।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুযায়ী, এ পর্যন্ত সেখানে ৩০ হাজারের বেশি বহির্বিভাগের রোগী চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া ৩ হাজার অন্তর্বিভাগের রোগীকে সেবা দেওয়া হয়েছে এবং ১ হাজার ৫০০টির বেশি অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, তাদের সার্জিক্যাল সাইট ইনফেকশনের হার ১ শতাংশের কম।
অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির লক্ষ্য, বাংলাদেশের রোগীদের দেশে থেকেই সাশ্রয়ী ব্যয়ে নির্ভরযোগ্য ও আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা দেওয়া। পাশাপাশি ভবিষ্যতে দেশের স্বাস্থ্যসেবা খাতে আন্তর্জাতিক রোগীদের আকৃষ্ট করে মেডিকেল ট্যুরিজমের প্রসার ঘটানো।
আন্তর্জাতিক চিকিৎসা-অভিজ্ঞতা, আধুনিক প্রযুক্তি ও রোগীকেন্দ্রিক সেবার সমন্বয়ের মাধ্যমে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে অবদান রাখতে চায় প্রতিষ্ঠানটি। এ ক্ষেত্রে তাদের অঙ্গীকার, ‘এক্সপার্টিজ, ক্লোজার টু ইউ’।



