প্রভুদের খুশি করতে তারা আবার ষড়যন্ত্রে, দিতে হবে শক্ত জবাব : তারেক রহমান

জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। ছবি: পিএমও
সীমান্তের ওপারের প্রভুদের খুশি করতেই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা আবার দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। তাই দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসীদের শক্তভাবে জবাব দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বিএনপি সরকার যখন দেশের নারী-পুরুষ, শিশুসহ ছাত্র-ছাত্রী, বেকার যুবক, কৃষক ও শ্রমিকদের জন্য কাজ করার চেষ্টা করছে, তখন দেশের বিরুদ্ধে একটি গ্রুপ, একটি মহল ষড়যন্ত্র শুরু করেছে।
আজ দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
বাসসের প্রতিবেদনে বলা হয়, বক্তব্যে দেশের গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও নিরাপত্তা রক্ষায় সব গণতন্ত্রকামী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার কথা বলেন তারেক রহমান।
আওয়ামী লীগ এই দেশের ও মানুষের স্বার্থ দেখেনি ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে যে দেশে তারা পালিয়ে গেছে, সেটা হচ্ছে তাদের প্রভু। সেই প্রভুদের খুশি করার জন্য তারা আবার এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।
তিনি বলেন, দেশের মানুষ আর গুম-খুন, অগ্নিসন্ত্রাস ও ভোটাধিকার হরণের রাজনীতিতে ফিরে যেতে চায় না। আসুন, আমরা ঐক্যবদ্ধ হই এবং এই সন্ত্রাসীদের সমুচিত জবাব দিই, যাতে তারা আর ভবিষ্যতে বাংলাদেশের ভাগ্য এবং বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে না পারে।
সরকারপ্রধান বলেন, ১৬ বছর তারা জনগণের কথা বলার অধিকার ও ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। ২০১৪ ও ২০১৮ সালের মতো নির্বাচন ফিরে পেতে চায় না বাংলাদেশের মানুষ। যারা নিশিরাতে নির্বাচন করেছিল, আমি-ডামির নির্বাচন করেছিল, তারা এই দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।
তারেক রহমান বলেন, ১৬ বছর ক্ষমতা দখল করে থেকেও কেন তারা তিস্তা ব্যারাজের কাজ, তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারাজের কাজ করেনি? কেন তারা এই এলাকায় গ্যাসলাইন আনেনি? কেন এই এলাকায় ইপিজেড স্থাপন করেনি? এই প্রশ্ন আমার ও আপনাদেরও। কারণ এই দেশের মানুষের প্রতি বা এই দেশের প্রতি তাদের কোনো দরদ ছিল না। সেজন্যই আমরা দেখেছি, প্রতিবছর লাখ লাখ কোটি টাকা তারা বিদেশে পাচার করেছে। বিশ্ব জুড়ে আন্তর্জাতিক পত্রপত্রিকায় উঠে এসেছে, কীভাবে এই দেশের দুস্থ, অসহায়, গরিব মানুষের টাকা বিদেশে পাচার করে তারা আরাম-আয়েশে জীবনযাপন করেছে।
জনগণের উদ্দেশে তিনি বলেন, চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে যে ভোটের অধিকার, কথা বলার অধিকার, গুম-খুন বন্ধের যে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই অধিকার তারা আবার কেড়ে নিতে চায়। তাদের কি আবার গুম-খুন, ভোটের অধিকার ও মানুষের কথা বলার অধিকার কেড়ে নেওয়ার রাজনীতি করার অনুমতি আপনারা দেবেন? যদি তা না হয়, তাহলে আসুন, যেভাবে ২০২৪ সালে বাংলাদেশের সব গণতন্ত্রপ্রিয় মানুষ একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে এই দেশ থেকে সেই খুনি-সন্ত্রাসীদের বিতাড়িত করেছিল, ঠিক সেইভাবে ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে।
তিনি বলেন, গত কয়েকদিন দেখেছেন, পালিয়ে যাওয়ার পরও তারা আবার আগুনের সন্ত্রাস শুরু করেছে। আবার মানুষকে পুড়িয়ে মারার রাজনীতি শুরু করেছে। মানুষকে আক্রমণ করে হত্যার রাজনীতি শুরু করেছে।
বাংলাদেশের মানুষ আর ভোট দখলের, গুম-খুনের রাজনীতিতে ফিরে যেতে চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ক্ষমতাকে ধরে রাখার জন্য তারা ১৪০০ মানুষকে হত্যা করেছে। তারা ৬০ জন শিশুকে হত্যা করেছে। যারা মানুষ হত্যা করে ক্ষমতায় টিকে থাকতে চায়, দেশ এবং জনগণের প্রতি তাদের কোনো কর্তব্য থাকতে পারে না।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন নিরাপত্তা চায়, স্বস্তি চায়, দেশের অগ্রগতি চায়। যদি দেশ ও জনগণের ভাগ্যের পরিবর্তন করতে হয়, তাহলে সব রাজনৈতিক দল, যারা চব্বিশের সময় গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে, তাদের সবাইকে আজ ঐক্যবদ্ধ হতে হবে। এই সন্ত্রাসী, অগ্নিসন্ত্রাসী ও খুনিদের পরিষ্কার জবাব দিয়ে দিতে হবে— এনাফ ইজ এনাফ। যথেষ্ট হয়েছে, আর নয়।
দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার
আজ লালমনিরহাট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এবং স্থানীয় হাঁড়িভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহেন্দ্রনগর পানি নিষ্কাশন খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন শেষে এই উপহার তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আজ এক দিনের সরকারি সফরে লালমনিরহাটে গিয়েছেন তারেক রহমান। সকাল সাড়ে ১০টায় তাকে বহনকারী হেলিকপ্টারটি লালমনিরহাট এয়ারফিল্ডে অবতরণ করে। কর্মসূচি শেষে বিকালে হেলিকপ্টারযোগে ঢাকায় ফেরার কথা রয়েছে তার।



