বাংলাদেশিদের জন্য স্থগিতই থাকছে মার্কিন অভিবাসী ভিসা

সংগৃহীত ছবি
বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকের জন্য অভিবাসী ভিসায় স্থগিতাদেশ বহাল রেখেছে যুক্তরাষ্ট্র। আজ শনিবার মার্কিন দূতাবাসের ফেসবুক পেজে দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করা হয়।
পোস্টে বলা হয়, যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে এবং অবৈধভাবে সরকারি কল্যাণমূলক সুবিধা গ্রহণ বন্ধে কড়া অবস্থান নিয়েছে মার্কিন প্রশাসন। অভিবাসীরা যাতে দেশটির ওপর আর্থিক বোঝা হয়ে না দাঁড়ান, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
এরই ধারাবাহিকতায়, গত ২১ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে বাংলাদেশসহ ৭৫ দেশের নাগরিকের জন্য সব ধরনের অভিবাসী ভিসা দেওয়া স্থগিত করেছে সংশ্লিষ্ট বিভাগ। মার্কিন প্রশাসনের পক্ষ থেকে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার তুলনামূলকভাবে বেশি হওয়ায় এই স্থগিতাদেশ জারি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, এই সাময়িক স্থগিতাদেশের ফলে যাচাই-বাছাই নীতিমালা এবং সামগ্রিক প্রক্রিয়াগুলো পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করার সুযোগ পাবে যুক্তরাষ্ট্র। এর মূল উদ্দেশ্য হলো এমন একটি ব্যবস্থা তৈরি করা, যা মার্কিনদের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে।
তবে এই স্থগিতাদেশ শুধু স্থায়ীভাবে বসবাসের জন্য দেওয়া অভিবাসী ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য। পর্যটন কিংবা শিক্ষার্থীসহ যেকোনো ধরনের অনভিবাসী ভিসার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। ফলে সাধারণ ভ্রমণকারী ও শিক্ষার্থীদের ভিসা প্রক্রিয়া যথানিয়মে চালু থাকবে।




