ওয়াশিংটনভিত্তিক এসএএফএনের সিনিয়র ফেলো হলেন রাষ্ট্রদূত আনসারী

মুশফিকুল ফজল আনসারী
বাংলাদেশের কূটনীতিক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী ওয়াশিংটনভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়া ফোরসাইট নেটওয়ার্কের (এসএএফএন) সম্মানসূচক সিনিয়র ফেলো হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার প্রতিষ্ঠানটির এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
দ্য মিলেনিয়াম প্রজেক্টের অধীনে পরিচালিত এসএএফএন দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ চ্যালেঞ্জ, ভূরাজনীতি ও নীতিনির্ধারণ নিয়ে গবেষণা এবং সংলাপের আয়োজন করে।
নিয়োগের ঘোষণায় জনসেবা, গণমাধ্যম ও কূটনীতিতে মুশফিকুল ফজল আনসারীর দীর্ঘ অভিজ্ঞতার কথা তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। এসএএফএনের মতে, তার অভিজ্ঞতা ওয়াশিংটনে নীতিবিষয়ক আলোচনা ও বিভিন্ন মহলের সঙ্গে যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশের গবেষক ও বৃহত্তর পাঠকসমাজ তার চিন্তা ও বিশ্লেষণ থেকে উপকৃত হবে।
নতুন দায়িত্বে আনসারী নীতিবিষয়ক সংলাপ ও গবেষণায় অবদান রাখবেন। একই সঙ্গে ওয়াশিংটনে এসএএফএনের যোগাযোগ ও অংশগ্রহণ সম্প্রসারণ এবং বাংলাদেশে প্রতিষ্ঠানটির গবেষণা ও অন্যান্য কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতা করবেন।
জনসেবা, আন্তর্জাতিক সম্পর্ক ও গণমাধ্যমে দুই দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন মুশফিকুল ফজল আনসারী বর্তমানে রাষ্ট্রদূত হিসেবে সিনিয়র সচিব পদমর্যাদায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রয়েছেন। এর আগে তিনি মেক্সিকোতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া কোস্টারিকা, গুয়াতেমালা, ইকুয়েডর ও হন্ডুরাসে বাংলাদেশের সমবর্তী রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
কূটনৈতিক দায়িত্ব গ্রহণের আগে তিনি ওয়াশিংটনভিত্তিক মানবাধিকার সংগঠন রাইট টু ফ্রিডমের সহপ্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং সাউথ এশিয়া পারসপেক্টিভসের নির্বাহী সম্পাদক হিসেবে কাজ করেছেন। এ ছাড়া হোয়াইট হাউজ ও জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা হিসেবে তার কাজের অভিজ্ঞতা রয়েছে। যুক্তরাষ্ট্রের নীতিনির্ধারণী মহল নিয়ে সাংবাদিকতাও করেছেন তিনি।
এসএএফএনের অন্য সিনিয়র ফেলোদের মধ্যে রয়েছেন জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সাবেক নির্বাহী পরিচালক ও নরওয়ের সাবেক পরিবেশমন্ত্রী রাষ্ট্রদূত এরিক সোলহেইম, থাইল্যান্ডের অর্থনীতিবিদ ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক ড. ক্রিয়েংসাক চারোয়েনওংসাক, শ্রীলঙ্কার সাবেক বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল গগন বুলাথসিংহলা, দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. রীনা মারওয়াহ, পাকিস্তানের প্রতিরক্ষা ও কৌশলগত অধ্যয়নবিষয়ক গবেষক ড. সালমা মালিক, চীনের ঝেজিয়াং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঝৌ ঝাংগুই, মালদ্বীপের কূটনীতিক রাষ্ট্রদূত ওমর আবদুল রাজ্জাক এবং জলবায়ু ও আন্তসীমান্ত নদীবিষয়ক গবেষক ড. উত্তম কুমার সিনহা।
এসএএফএনের বাংলাদেশ চ্যাপ্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের প্রেসিডেন্ট মেজর জেনারেল (অব.) এ এন এম মুনীরুজ্জামান।




