র্যাবের নতুন নাম হচ্ছে ‘এসআইএফ’, আদেশ শিগগিরই

সংগৃহীত ছবি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাবের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশের এই এলিট বাহিনীর নতুন নাম হবে ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ)’। দ্রুত সময়ের মধ্যেই এ বিষয়ে সরকারি একটি আদেশ জারি করা হবে।
আজ মঙ্গলবার সচিবালয়ে আইনশৃঙ্খলা–সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।
এ সময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, বাহিনীটির কাঠামো, দায়িত্ব ও কার্যক্রম নিয়ে বিস্তারিত পর্যালোচনার পর নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন নাম অনুযায়ী বাহিনীর পোশাক প্রস্তুতের কাজও চলমান রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, র্যাব গঠনের একেবারে প্রাথমিক পর্যায়ে বাহিনীটির নাম ছিল র্যাপিড অ্যাকশন টিম (র্যাট)। পরবর্তীতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব নামে এই বাহিনী কার্যক্রম শুরু করে।
২০০৪ সালে গঠিত র্যাব দীর্ঘদিন ধরে সন্ত্রাস, জঙ্গিবাদ ও সংঘবদ্ধ অপরাধ দমনে ভূমিকা রেখে আসছে। ২২ বছর পর এবার এই বাহিনীর নাম পরিবর্তনের মাধ্যমে নতুন পরিচয়ে কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হলো।
সংশ্লিষ্টরা বলছেন, শুধু নাম পরিবর্তন নয় নৈতিক মান ও সততা ভিত্তিতে যে কোন বাহিনীকে তৈরি করতে হবে । পাশাপাশি দেশপ্রেম ও নতুন বাংলাদেশ গড়তে এগিয়ে আসতে হবে। কাঠামোগত ও কার্যগত দিকেও প্রয়োজনীয় সমন্বয় আনা প্রয়োজন বলে অনেকে মনে করছেন ।

