পরমাণু শক্তি কমিশনের সদস্য ডা. বি কে বোস

ডা. বি কে বোস
বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সদস্য (পরিকল্পনা) (চলতি দায়িত্ব) পদে নিয়োগ পেয়েছেন কমিশনের প্রধান চিকিৎসা কর্মকর্তা ডা. বি কে বোস। গত রবিবার গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের এক অফিস আদেশের মাধ্যমে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি দিনাজপুরের ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেসের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
১৯৯৪ সালে চিকিৎসা কর্মকর্তা হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে (বিএইসি) যোগ দেন ডা. বি কে বোস। এরপর তিন দশকের বেশি সময় ধরে নিউক্লিয়ার মেডিসিনে চিকিৎসাসেবা দিয়ে আসছেন তিনি। দেশে নিউক্লিয়ার মেডিসিনের বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি।
থেরাপিউটিক নিউক্লিয়ার মেডিসিনের উন্নয়নে কাজ করে যাচ্ছেন তিনি। দেশের উত্তরাঞ্চলে গলগণ্ড রোগের চিকিৎসায়ও তার অবদান উল্লেখযোগ্য। এ ছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পের ভৌত সুরক্ষা বিষয়ে গুরুত্বপূর্ণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন তিনি। কর্মজীবনে যুক্তরাষ্ট্র, জাপান, দক্ষিণ কোরিয়া, ফিলিপাইন, ভারত, ফ্রান্স, জার্মানি ও রাশিয়ায় উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন ডা. বি কে বোস।
তিনি ১৯৯৩ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) থেকে মেডিসিনে এমসিপিএস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমডি ডিগ্রি অর্জন করেন।
১৯৬৭ সালে নড়াইলের এক সম্ভ্রান্ত হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন ডা. বি কে বোস। ব্যক্তিজীবনে তিনি দুই সন্তানের জনক। তার স্ত্রী সরকারি মেডিকেল কলেজের একজন অধ্যাপক। বিজ্ঞপ্তি



